জৈব তথ্য ও ন্যানো প্রযুক্তি অর্থনীতি বদলে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুণপোকার পেটে আছে ৪০০ রকমের ব্যাকটেরিয়া। কাঠ কুরে কুরে খাওয়ার পর এই পোকা তা ইথানল হিসেবে উগরে দেয়। কোন ধরনের ব্যাকটেরিয়া কাঠের গুঁড়াকে ইথানলে পরিণত করে, তা বের করা গেলে বিশ্বের জ্বালানি সমস্যার অনেকটাই সমাধান করে ফেলা সম্ভব। পাটের জিন নকশা উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম দেশে জৈব তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার কথা এভাবেই তুলে ধরলেন।গতকাল রোববার বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে এক বক্তৃতায় মাকসুদুল আলম জৈব তথ্যপ্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।প্রকৃতির শক্তি ও এর গঠনপ্রক্রিয়া বুঝতে পেরে তা তথ্যপ্রযুক্তির মাধ্যমে কাজে লাগানোই জৈব তথ্যপ্রযুক্তি। প্রবাসী কৃতী বিজ্ঞানী মাকসুদুল আলম জানান, ভারত জৈব তথ্যপ্রযুক্তি খাত থেকে প্রতিবছর ৬২০ কোটি ডলার আয় করে। ডেঙ্গুর মতো রোগ নিরাময় ও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ক্যানসারের চিকিৎসার মতো ক্ষেত্রে এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব বলে মত দেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আ মু জহুরুল হক ও আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীনের সম্মানে আয়োজিত এই বক্তৃতায় মাকসুদুল আলমের বিষয়বস্তু ছিল ‘বায়োইনফরমেটিক্স: বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতির একটি টেকসই স্তম্ভ’। পাটের জিন নকশা উন্মোচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ দেশে এই প্রযুক্তিকে কাজে লাগানোর মতো যথেষ্ট মেধা আছে। প্রয়োজন যথাযথ প্রতিষ্ঠান তৈরি ও সরকারি সহায়তা। এই প্রযুক্তির ব্যবহার দেশের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে।অনুষ্ঠানে ‘ন্যানো: আগামী দিনের প্রযুক্তি’ শীর্ষক বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি বলেন, অণু ও পরমাণু কীভাবে কাজ করে শক্তি অর্জন করে, তার প্রক্রিয়া বুঝতে পারা, তাকে নিয়ন্ত্রণ করতে পারা তথা এই প্রযুক্তি কাজে লাগিয়ে শক্তি সৃষ্টি করা ন্যানো প্রযুক্তির বিষয়। ন্যানো প্রযুক্তিতে তৈরি মোবাইল ফোন বা কম্পিউটার মুড়ে পকেটে ভরে রাখা যাবে। এই প্রযুক্তি দিয়ে ক্ষুদ্র আকৃতির উচ্চশক্তির মোটর তৈরি করা সম্ভব।ফারসীম মান্নান বলেন, চলতি বছর প্রণীত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতিতে ছয় জায়গায় ন্যানো প্রযুক্তির কথা বলা হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে বাস্তব উদ্যোগ শুরু হয়নি।১৫০ কোটি টাকা খরচ করেই একটি ন্যানো প্রযুক্তি গবেষণাকেন্দ্র স্থাপন করা সম্ভব উল্লেখ করে এই তরুণ ন্যানো প্রযুক্তিবিদ বলেন, এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ উন্নতমানের সার, কীটনাশক ও সৌর বিদ্যুৎ উৎপাদনযন্ত্র তৈরি করতে পারে, যা দেশের অর্থনীতির চেহারা বদলে ফেলবে।প্রবীণ জ্যোতির্বিজ্ঞানী এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনসুর মুসা ও আবুল কাসেম ফজলুল হক।