জৈব প্রযুক্তিতে কলা চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি গ্রাম, নাম ঢোলজানি। বছর দুই আগেও গ্রামের চেহারা ছিল রুগ্ণ। এখন বেমালুম পাল্টে গেছে গ্রামটি। পাল্টেছে আশপাশের গ্রামগুলোর চিত্রও। প্রায় প্রতিটি বাড়ির মানুষই এখন স্বাবলম্বী। সবার বাড়িতেই আছে একটি করে কলাবাগান। আমূল এ পরিবর্তনের নায়ক ঢোলজানি গ্রামের আবদুল কাদের (৪২)। যিনি প্রথম এলাকায় জৈব প্রযুক্তিনির্ভর কলা চাষ শুরু করেন। তিনি একাই সচ্ছল হননি, আশপাশের লোকজনকে দিয়েছেন স্বাবলম্বী হওয়ার দিশা।চুয়াডাঙ্গার জীবননগরের লক্ষ্মীপুর গ্রামে থাকত আবদুল কাদের ও তাঁর পরিবার। বাবা শহিদুল ইসলামের ছিল ধানের ব্যবসা। বাবার সঙ্গে কাদেরও একই কাজ করতেন। আলাপকালে আবদুল কাদের জানান, ভালো না লাগায় একদিন এক হাজার ৪৭৫ টাকা নিয়ে চুয়াডাঙ্গা শহরে ভ্যানে কলা বিক্রি শুরু করেন। ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে কলা নিয়ে বিক্রি করতেন তিনি। মেহেরপুরে কলার বাগান দেখে উদ্বুদ্ধ হন। ২০০৭ সালের শেষের দিকে স্ত্রী-সন্তান নিয়ে চলে আসেন বালিয়াকান্দির ঢোলজানি গ্রামে।কৃষক তোরাপ আলীকে নিয়ে ২০০৮-এর জানুয়ারিতে দুই একর ১০ শতাংশ জমিতে দুই হাজার ১০০ ‘রঙিন সাগর কলা’র চারা লাগান। প্রথম বছর ভালো লাভ হয়। আশপাশের ৫৪ জন কৃষককে একত্র করে সমিতির মাধ্যমে কলার আবাদ করেন। পরের বছর তাঁরা সবাই মিলে নয় একর জমি ইজারা নেন। সেখানে পাঁচ লাখ ১০ হাজার ৩০০ টাকা ব্যয়ে ২৫ হাজার কলার চারা লাগান। চারপাশে লাগান মেহগনি, বনজ ও ফলদ গাছ। এ ছাড়াও কলাবাগানের মধ্যে তাঁরা মসুর ডাল, পেঁয়াজ, রসুনের চাষ করেন। কলা চাষে কাদেরের দেখাদেখি অন্য চাষিরাও জৈব সার ব্যবহার শুরু করেছেন।কলা চাষে আবদুল কাদেরের নানামুখী উদ্যোগের ফলে এলাকাবাসীর কাছে তিনি ‘কলা কাদের’ নামে পরিচিতি পেয়েছেন। বর্তমানে ওই এলাকার ৫৪ জন কৃষক ৪২ একর জমি ইজারা নিয়ে জৈব প্রযুক্তিতে এক লাখ ‘রঙিন সাগর কলা’র চারা লাগিয়েছেন। গত জুলাই পর্যন্ত তাঁরা প্রায় ছয় লাখ টাকার কলা বিক্রি করেছেন। এখনো বাগানে যে কলা রয়েছে, তা বিক্রি করে সাড়ে সাত লাখ টাকা আসবে। কলাবাগানের চারপাশে রয়েছে ৫০০ মেহগনি, ১০০ আমগাছ। এসব বাগান দেখভালের জন্যও লোক আছে। আবদুল কাদের জানান, কাজের ফাঁকে তিনি ও তোরাপ আলী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গবাদিপশুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা সংগ্রহ করেন। সেসব থেকে তৈরি হয় জৈব সার, যা বাগানে দেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, আবদুল কাদের জৈব প্রযুক্তিনির্ভর কাজ করেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করছি। তাঁর জৈব সারপ্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহাবুব-উল করিম বলেন, আবদুল কাদের সৎ, কর্মঠ ও উপকার করার মানসিকতাসম্পন্ন একজন কৃষক। এ জন্য জেলায় একনামে ‘কলা কাদের’ নামে তিনি পরিচিত। তাঁর বাগান ও প্রযুক্তি সম্পর্কে কমবেশি সবাই জানে।