জৈব সারে লাভবান কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে কেঁচোর জৈব সার জমিতে ব্যবহার করে কৃষকেরা লাভবান হচ্ছেন। সেই সঙ্গে তাঁরা কেঁচো বিক্রি করে বাড়তি আয়ও করছেন।

উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের সেকেন্দার আলী ও জাহানারা বেগম দম্পতি এক বিঘা জমিতে রবিশস্যের আবাদ করেন। শুরু থেকে তাঁরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করছিলেন। কিন্তু পাঁচ বছর আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) তাঁদের জৈব সার তৈরির উপকরণ সরবরাহ করে। এরপর থেকে এই দম্পতি বাড়িতে জৈব সার তৈরি করছেন। এ সার দিয়ে তাঁরা জমি চাষাবাদের পাশাপাশি কেঁচো বিক্রি করে বাড়তি কিছু রোজগারও করছেন।

ওই দম্পতির পাশাপাশি খালিশা বেলপুকুর গ্রামের কিছু মানুষ কেঁচো দিয়ে সার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের দিকে জাহানারা জমিতে কেঁচো ও জৈব সারের ব্যবহার শুরু করেন। ওই বছরের মার্চ মাসে তিনি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ থেকে কেঁচো সার ও কুইক কম্পোস্ট সারের ওপর প্রশিক্ষণ নেন। সেই বছরই তিনি বাড়িতে কেঁচো সার তৈরির মাধ্যমে নিজের দেড় একর জমিতে সবজি চাষ করেন। এতে আগের বছরের চেয়ে ভালো ফলন পান তিনি। উৎপাদন খরচও নেমে আসে অর্ধেকে। জাহানারার দেখাদেখি ওই সময় একই গ্রামের আরও কয়েকজন কৃষক কেঁচোর জৈব সার তৈরি ও ব্যবহারের মাধ্যমে সবজি চাষ করে ভালো সাফল্য পেতে শুরু করেন। এরপর থেকে খাতামধুপুর ইউনিয়নজুড়ে শুরু হয় কেঁচো জৈব সারের মাধ্যমে সবজি চাষ। বর্তমানে জৈব সার তৈরি ও এর মাধ্যমে চাষাবাদে সক্রিয় রয়েছে অন্তত ১৫০টি পরিবার।

জাহানারা বলেন, তিনি কয়েক বছর আগে বিনা মূল্যে কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। এরপর শুরু করেন সার তৈরি। প্রথমে লালশাক, টমেটো, বাঁধাকপি ও মিষ্টিকুমড়ার খেতে জৈব সার প্রয়োগ করেন। ফলনও ভালো পান।

পাশারিপাড়া গ্রামের মেরী বলেন, একটি মাটির পাত্রে ২৫ থেকে ৩০ কেজি জৈব সার তৈরি করা হয়। এতে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত কেঁচো পাওয়া যায়। অতিরিক্ত জৈব সার প্রতি কেজি ১৮ টাকা দরে এবং কেঁচো প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হয়। বিভিন্ন এনজিও এসব কেঁচো কিনে নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, কৃষকেরা এ সার তাঁরা জমিতে ব্যবহারের পাশাপাশি কেঁচো বিক্রি করে বাড়তি আয় করছেন।