জৈব সারে স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুরের দত্তকোনা গ্রামে কেঁচো দিয়ে সার তৈরি করছেন রোজিনা খাতুন l এহসান-উদ-দৌলা
যশোরের মনিরামপুরের দত্তকোনা গ্রামে কেঁচো দিয়ে সার তৈরি করছেন রোজিনা খাতুন l এহসান-উদ-দৌলা

ঠিকমতো সংসার চলত না। অভাবে পড়ে একদিন আয়ের একমাত্র অবলম্বন সেলাই মেশিনটিও বিক্রি করে দেন। এ সময় একদিন শুনলেন কেঁচো থেকে জৈব সার তৈরির কথা। তিনিও শুরু করলেন পাঁচটি কেঁচো দিয়ে। এখন তিনি স্বাবলম্বী কিষানি।
ওই কিষানির নাম রোজিনা বেগম (৩২)। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামে। এখন তাঁর তৈরি জৈব সার ব্যবহার করা হচ্ছে ইউনিয়নের বিভিন্ন ফসলের মাঠে। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে জৈব সার তৈরি করছেন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।
জৈব সার বিক্রির টাকা দিয়ে রোজিনা বেগম ৪২ শতক জমি বন্ধক নিয়েছেন। সেই জমিতে সবজি ও ধান চাষ করেন। পালন করেন গরু, হাঁস-মুরগি ও কবুতর। অবসর সময়ে তিনি প্লাস্টিকের পুঁতি দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করেন।
সম্প্রতি রোজিনার বাড়ি গিয়ে জানা যায়, ২০০২ সালে শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় তাঁর। স্বামীর সম্পদ বলতে ছিল ১২ শতক আবাদি জমি এবং তিন শতক বসতবাড়ি। অভাব ঘোচাতে ২০০৫ সালে ব্র্যাক স্কুলে মাসিক ১ হাজার ২০০ টাকা বেতনে শিক্ষকতার চাকরি নেন রোজিনা। দুই বছর পর স্কুলটি বন্ধ হয়ে যায়। বেতনের টাকা দিয়ে ২০০৬ সালে একটি সেলাই মেশিন কেনেন। কিন্তু অভাবের কারণে ২০১১ সালে সেটিও বিক্রি করে দেন।
রোজিনা বেগম বলেন, ২০১৪ সালে তিনি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কেঁচো থেকে জৈব সার তৈরির বিষয়ে জানতে পারেন। সংস্থাটির সহযোগিতায় এ সার তৈরির বিষয়ে তিনি তিন দিন প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ থেকে বিনা মূল্যে পাওয়া পাঁচটি কেঁচো দিয়ে তিনি একটি মাটির পাত্রে সার তৈরি শুরু করেন। বর্তমানে তাঁর ১০টি মাটির পাত্রে কেঁচোর পরিমাণ এক লাখের বেশি। ২০ দিনেই সার তৈরি হয়। প্রতি মাসে তিনি তিন মণ জৈব সার পান। ২৫ টাকা কেজি দরে ওই সার বিক্রি করে তিনি তিন হাজার টাকার মতো আয় করেন। কেঁচো বেড়ে গেলে প্রতিটি দুই টাকা করে বিক্রি করেন। এতে মাসে তাঁর ছয় থেকে সাত হাজার টাকা আয় হয়। তাঁর বাড়ি থেকে কৃষকেরা সার কিনে নিয়ে যান। দূর্বাডাঙ্গা ইউনিয়নের ফসলের খেতে এখন তাঁর উৎপাদিত জৈব সার।
রোজিনা বেগম বলেন, সার বিক্রির ৮৫ হাজার টাকা দিয়ে ২০১৫ সালে তিনি ৪২ শতক কৃষিজমি বন্ধক নিয়েছেন। এ জমিতে নিজেই ধান চাষ করেন। এ ছাড়া স্বামীর পাঁচ কাঠা জমিতে তিনি আলু, কচু, ওল, লাউ ও মিষ্টিকুমড়ার চাষ করেন। খেতে নিজের তৈরি জৈব সার ব্যবহার করেন। বর্তমানে তাঁর ১টি গরু, ১২টি মুরগি, ৫টি হাঁস ও ৪টি কবুতর রয়েছে। অবসর সময়ে তিনি প্লাস্টিকের পুঁতি দিয়ে ব্যাগ, ফল, ফুল ও ফুলদানি তৈরি করেন। তিনি বলেন, ‘কেঁচোগুলো আমার সন্তানের মতো। ওরা আমার অন্ন জোগায়। আমার ইচ্ছা বাইরে একটি হাউস করে সেখানে জৈব সার তৈরি করার। কিন্তু এখনো সেটা করা সম্ভব হয়নি।’
রোজিনার দেখাদেখি এলাকার ২০০ জন নারী-পুরুষ কেঁচো থেকে জৈব সার তৈরির কাজ শুরু করেছেন। বিপ্রকোণা গ্রামের বজলুর রহমান বলেন, ‘রোজিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ওর কাছ থেকে কেঁচো কিনে জৈব সার তৈরি শুরু করেছি। ফলও ভালো পাচ্ছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার বলেন, ‘রোজিনা আদর্শ কিষানি। এলাকায় কৃষিতে জৈব সার ব্যবহারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। জৈব সার তৈরি করে তিনি এখন স্বাবলম্বী। আমরা তাঁকে প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।’