জৈবপ্রযুক্তির নিরাপদ ও দক্ষ ব্যবহার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। স্বাস্থ্য ও কৃষি খাতে জৈবপ্রযুক্তি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এর বেশ কিছু প্রমাণ হাজির করেছিলেন দেশি-বিদেশি বিজ্ঞানীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সম্মেলনটির আয়োজক গাবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট। সম্মেলনে সহযোগিতা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম সহযোগী ছিল প্রথম আলো। দুদিনব্যাপী এ সম্মেলনের শেষ দিন ছিল গতকাল শনিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক জেবা আই সিরাজ প্রথম আলোকে বলেন, সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য ও কৃষি খাতে জৈবপ্রযুক্তিতে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনের ফলে গবেষণা ও মাঠপর্যায়ে গবেষণার ফলাফলের ব্যবহার বৃদ্ধি পাবে।
গতকালের একাধিক অধিবেশনে কৃষিতে জৈবপ্রযুক্তির ব্যবহার গুরুত্ব পেয়েছিল। পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক হাসিনা বেগম। তিনি উপস্থাপনায় দেখান, জৈবপ্রযুক্তি ব্যবহার করে পাটের খসখসে ভাব দূর করা সম্ভব। তাই পাট থেকে কাপড় তৈরি করা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মুসররাত জাহান দেশি ধানের বীজে প্রাকৃতিকভাবে থাকা ব্যাকটেরিয়াকে আলাদা করে পরে তা মাটির সঙ্গে মিশিয়ে দেখেছেন যে তাতে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বাড়ছে। তাপমাত্রাও বাড়ছে। ধানকে কীভাবে আরও লবণাক্ততা সহিষ্ণু করা যায়, সে বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রাশেদ হোসেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মো. সাজ্জাদুর রহমান উচ্চ তাপমাত্রা সহ্য করেও টিকে থাকতে পারে এমন দুটি বিদেশি ধানের প্রজাতিকে কীভাবে বাংলাদেশের উপযোগী করে তোলা হচ্ছে, সে সম্পর্কে তথ্য উপস্থাপন করেন।
সম্মেলনের এক ফাঁকে আয়োজকেরা বলেন, জৈবপ্রযুক্তি নিয়ে কিছু মানুষের অহেতুক ভীতি আছে। কিন্তু ইনসুলিন জৈবপ্রযুক্তিনির্ভর জীবনরক্ষাকারী ওষুধ। এটি ছাড়া অনেকে একদিনও বাঁচবেন না। বিটি বেগুন বিষয়ে তাঁরা বলেন, পরিবেশ থেকে নেওয়া ব্যাকটেরিয়ার জিন থেকে প্রোটিন বের করে নিয়ে বেগুনে ঢুকিয়ে দেওয়া হয়। এটি শুধু পোকামাকড়ের জন্যই বিষাক্ত, মানবদেহের জন্য নয়। জৈবপ্রযুক্তি নিয়ে আরও অনেক বেশি গবেষণার প্রয়োজন আছে বলে তাঁরা মন্তব্য করেন।