জৈবপ্রযুক্তির ব্যবহার জীবনযাত্রাকে সহজ করে
জৈবপ্রযুক্তির নিরাপদ এবং দক্ষ ব্যবহার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবনযাত্রাকে সহজ করতে পারে। স্বাস্থ্য ও কৃষি খাতে জৈবপ্রযুক্তি নিয়ে আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এমন বেশ কিছু প্রমাণ হাজির করেছেন দেশি-বিদেশি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখিয়েছেন, কীভাবে জৈবপ্রযুক্তি ব্যবহার করে পাটের খসখসে ভাব দূর করা যায়। দেশি ধানের বীজে প্রাকৃতিকভাবে থাকা ব্যাকটেরিয়াকে আলাদা করে মাটির সঙ্গে মিশিয়ে ধানের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সেটিও দেখিয়েছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট আয়োজিত এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেশ কিছু প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম সহযোগী ছিল প্রথম আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক জেবা আই সিরাজ প্রথম আলোকে বলেন, সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য ও কৃষি খাতের বিভিন্ন ক্ষেত্রে জৈবপ্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। নেটওয়ার্ক আশা করে, এ ধরনের সম্মেলনের ফলে গবেষণা, মাঠে এর ব্যবহার এবং বাজারজাত করার সুযোগ তৈরি হবে।
অধিবেশনের প্রায় পুরোটাই ছিল কৃষিতে জৈবপ্রযুক্তির ব্যবহার। পাটের জীবনরহস্য উন্মোচন কাজে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক হাসিনা বেগম তাঁর উপস্থাপনায় দেখান, কী করে পাট থেকে কাপড় তৈরি করা সম্ভব। জৈবপ্রযুক্তি ব্যবহার করে পাটের যে খসখসে ভাব, তা দূর করা সম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, এতে করে পাট থেকে সহজেই কাপড় তৈরি করা যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের স্নাতকোত্তর পর্যায়ের এক শিক্ষার্থী নুসরাত জাহান দেখিয়েছেন, দেশি ধানের বীজে প্রাকৃতিকভাবে থাকা ব্যাকটেরিয়াকে আলাদা করে সেটি মাটির সঙ্গে মিশিয়ে তিনি দেখেছেন যে তাতে ধানের উৎপাদন বেড়ে গেছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বাড়ছে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। ধানকে কীভাবে আরও লবণসহিষ্ণু করা যায়, সে বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রাশেদ হোসেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মো. সাজ্জাদুর রহমান উচ্চ তাপমাত্রা সহ্য করেও টিকে থাকতে পারে, এমন দুটি বিদেশি ধানকে কীভাবে বাংলাদেশের উপযোগী করে তোলা যায়, সে সম্পর্কে জানান।
সম্মেলনের এক ফাঁকে আয়োজকেরা বলেন, জৈবপ্রযুক্তি নিয়ে মানুষের অহেতুক একটা ভীতি আছে। কিন্তু ইনসুলিন জৈবপ্রযুক্তিনির্ভর জীবনরক্ষাকারী ওষুধ। এটি ছাড়া অনেকে এক দিনও বাঁচবেন না। বিটি বেগুন প্রসঙ্গে তাঁরা বলেন, বাজারে যেসব বেগুন বিক্রি হচ্ছে, সেগুলোয় চাষের শুরু থেকে তোলা পর্যন্ত মোট ৫০ বার জীবাণুনাশক দেওয়া হয়। জীবাণুনাশকের কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। বিটি বেগুনে পরিবেশ থেকে নেওয়া ব্যাকটেরিয়ার জিন থেকে প্রোটিন বের করে নিয়ে বেগুনে ঢুকিয়ে দেওয়া হয়। এটি শুধু পোকামাকড়ের জন্যই বিষাক্ত, মানবদেহের জন্য নয়। জৈবপ্রযুক্তি নিয়ে আরও অনেক বেশি গবেষণার প্রয়োজন আছে বলে তাঁরা মন্তব্য করেন।