জোঁকের উপদ্রব
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ‘কাইক্না’ বিল এলাকায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে পাকা ধানের খেতে পাল্লা দিয়ে বাড়ছে জোঁকের উপদ্রব। ফলে বেশি দামেও বাইরের কোনো শ্রমিক এখানে পাকা ধান কাটতে রাজি হচ্ছেন না। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন। এলাকাবাসী জানান, ওই বিলে দীঘরসহিলাটি, পুরাবাড়িয়া, কৈলাটি ও সহিলাটিসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের জমিতে এবার বোরো ধানের আশাতীত ফলন হয়েছে। কিন্তু বৃষ্টির পানি জমে বোরো খেতে জোঁকের উপদ্রব বেড়ে গেছে। এর জন্য শ্রমিকেরাও ধান কাটতে আগ্রহী হচ্ছেন না। ফলে বাধ্য হয়ে চাষিরা এখন ধান কাটায় নেমে পড়ছেন। তবে এর আগে কৃষকেরা হাত-পায়ে তেল মেখে নিচ্ছেন। সেই সঙ্গে শরীরে কামড়ে ধরা জোঁক ছাড়িয়ে সেটি রেখে দেওয়ার জন্য প্রত্যেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন একটি করে ছোট্ট পাত্র (স্থানীয় ভাষায় ভেট্টোয়া)। ভেট্টোয়ায় না রেখে পানিতে ছেড়ে দিলে একই জোঁকের আবার আক্রমণের আশঙ্কায় এমনটি করা হয় বলে চাষিরা জানিয়েছেন। আর এই দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়েই চলছে হাওরের ধান কাটা। কৈলাটি গ্রামের কৃষক লিটন মিয়া বলেন, ‘এখানে ধান কাটার জন্য বেশি দামেও কামলা (শ্রমিক) মেলে না। তাই বাধ্য হয়ে নিজেরাই ধান কাটছি। তবে ধান কাটতে যাওয়ার আগে জোঁকের ভয়ে শরীরে তেল মাইখ্যা এবং কামড়ে ধরা জোঁক রাখার সুবিধার্থে একটা ভেট্টোয়া (পাত্র) সঙ্গে করে নিয়া যাই।’