সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
জোট আমলের হত্যাকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ
তৃণমূল পর্যায়ে গিয়ে বিগত জোট আমলে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও হয়রানিসহ বিভিন্ন বিষয় জনগণের সামনে তুলে ধরার জন্য দলের সাংগঠনিক সম্পাদকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক সন্ধ্যা সাতটায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে পৌরসভা নির্বাচনে দলের একক প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে যতটা সম্ভব সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রার্থী নির্বাচন কেন্দ্রীয় কমিটি থেকে মনিটরিং করা হবে বলেও জানানো হয়। বৈঠক সূত্রে জানা যায়, নাটোর, সিরাজগঞ্জ, কুমিল্লাসহ সম্প্রতি বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড তুলে ধরে আজ ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।বৈঠকে ঝালকাঠি, ভোলা, নীলফামারী, মাদারীপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা কমিটি অনুমোদন করা হয়। পরবর্তী সভায় চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর, রাজশাহীসহ আরও কিছু সাংগঠনিক জেলা কমিটি অনুমোদনের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়।