
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে জোটের প্রার্থী নিয়ে অস্বস্তিতে আছে আওয়ামী লীগ ও বিএনপি। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী ছাড়াও মিত্র দল জাতীয় পার্টি ও বিকল্পধারার সম্ভাব্য প্রার্থী আছেন। অন্য দিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর পাশাপাশি গণফোরামের কেন্দ্রীয় একজন জ্যেষ্ঠ নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
মানিকগঞ্জ-২: সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। এ আসনে বর্তমান সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আরও পাঁচজন। তাঁরা মনোনয়ন পেতে কেন্দ্রে জোর তদবির চালাচ্ছেন। তবে এ আসনে নির্বাচন করতে চান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আবদুল মান্নান ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন। তবে আকস্মিকভাবে জাতীয় পার্টির আবদুল মান্নান এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন। সে সময় মমতাজ বেগম সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হন। পরে ২০১৪ সালে মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন।
আবদুল মান্নানের দাবি, তিনি এবারও মনোনয়ন পাচ্ছেন। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের দল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে আসন ভাগাভাগি হয়ে গেছে। এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আমিই মনোনয়ন পাচ্ছি।’
এরশাদ সরকারের আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার সম্প্রতি বিকল্পধারায় যোগ দিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক। তিনিও এই আসনে মনোনয়ন ফরম কিনেছেন।
মনোনয়নের বিষয়ে গোলাম সারোয়ার বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে তাঁর। নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হওয়ায় দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। যুক্তফ্রন্টের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখানে মহাজোটের মনোনয়ন পেতে আশাবাদী।
বর্তমান সাংসদ মমতাজ বেগম বলেন, গত পাঁচ বছরে তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী। ভোটাররাও আওয়ামী লীগের প্রার্থীকে চান।
মানিকগঞ্জ-৩: সাটুরিয়া উপজেলা, জেলা সদরের সাতটি ইউনিয়ন ও মানিকগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত এই আসনে বিএনপির দুজন শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী আছেন। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। তবে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর সম্প্রতি এই আসনে কে মনোনয়ন পাচ্ছেন, ভোটারদের মধ্যে তা নিয়ে গুঞ্জন চলছে। কারণ, গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খানও এই আসনে নির্বাচন করতে আগ্রহী।
মফিজুল ইসলাম খান জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনীর (বিএলএফ) জেলা কমান্ডার ছিলেন। তিনি ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ড. কামাল হোসেন গণফোরাম গঠন করলে তিনি এই দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতির দায়িত্ব পান। জেলার প্রবীণ এই রাজনীতিবিদ এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মহিউদ্দিনের কাছে বিপুল ভোটে হেরে যান।
জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক বলেন, ঐক্যফ্রন্ট গঠনের পর এই আসনে বিএনপির প্রার্থী, না ঐক্যফ্রন্টের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে গুঞ্জন চলছে। মফিজুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস থাকলেও এই আসনে ঐক্যজোটের প্রার্থী করা হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে।
মফিজুল ইসলাম খান বলেন, জেলায় রাজনীতির ইতিহাসে বর্তমানে তাঁর সমকক্ষ কেউ নেই। প্রায় চার যুগ ধরে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান এই আসন ছাড়া মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাধারণ ভোটারদের ধারণা, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান মনোনয়ন না–ও পেতে পারেন। এ কারণে তিনি দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ খান। তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন।
দলীয় মনোনয়নের বিষয়ে আফরোজা খান বলেন, দুটি আসনে মনোনয়ন ফরম জমা দিলেও মানিকগঞ্জ-৩ আসনই পছন্দ তাঁর। ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মফিজুল ইসলামে বিষয়ে তিনি বলেন, এখানে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা কেন্দ্রের বিষয়।