জোট বেঁধে ভাঙন রোধ
তিন বছর ধরে ভাঙন চলছে। ভাঙন রোধে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সবার কাছে ধরনা দিয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জোট বেঁধে ভাঙন রোধের কাজে ঝাঁপিয়ে পড়েছে। এরা কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার পাড়ের মানুষ।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফরাজী পাড়ায় বাঁশের পাইলিং করে নদীভাঙন রোধের কাজ হচ্ছে। এ কাজের জন্য কেউ দিয়েছেন টাকা, কেউ বাঁশ, কেউ বস্তা আবার কেউবা দিয়েছেন গাছ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে কাজ।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চর যাত্রাপুরের ৫০০ ফুট এলাকায় পাইলিং করার কাজ উদ্বোধন করা হয়। ‘আইসো বাহে বাঁধি জোট, নদের ভাঙন করি রোধ’ স্লোগান সামনে রেখে যাত্রাপুর ইউনিয়নের ছয় গ্রামের মানুষ জোট বেঁধে এ কাজ করছে।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন ও কবির হোসেন জানান, তিন বছর ধরে দুধকুমার নদের ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর থেকে পাঁচগাছি ইউনিয়নের গবিন্দপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার বাঁধ, এক কিলোমিটার কাঁচা সড়ক, স্কুল ও মসজিদ ভেঙে গেছে। এতে তিন হাজার পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব।
এলাকার বাসিন্দা এরশাদুল হক ও মাহাবুবার রহমান বলেন, স্থানীয় লোকজন ভাঙন রোধ করার দাবিতে মিছিল, সভা, সমাবেশ, মানববন্ধন করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ করেছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে দুই হাজার বাঁশ, পাঁচ হাজার বালুর বস্তা ও এক লাখ টাকা সংগ্রহ করে ভাঙন রোধের কাজ শুরু করেছে।
এ কাজের মূল উদ্যোক্তা সাহাদাৎ হোসেন মাস্টার বলেন, এলাকাবাসী নিজে থেকে যাঁর যা সামর্থ্য আছে তা-ই দিচ্ছেন। যাঁদের কিছুই েনই, তাঁরা শ্রম দিচ্ছেন। এমনকি অসংখ্য নারী বস্তায় বালু ভরার কাজ করছেন।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘বর্তমান নদের পানি অনেকটা শুকিয়ে গেছে। প্রথমে আমরা ৫০০ ফুটের মধ্যে দুই লাইন করে বাঁশ গেড়ে দেব। মাঝেমধ্যে গাছ পুঁতব। এরপর দুই পাশে এবং মাঝে বালুর বস্তা ফেলা হবে। আশা করি, এক মাসের মধ্যে কাজ শেষ করতে পারব।’
এ কাজ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যে উদ্যোগ নিয়েছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করব।’