জোট সম্প্রসারণের খসড়া ঘোষণাপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে চারদলীয় জোট সম্প্রসারণের জন্য খসড়া ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ১২ মার্চের কর্মসূচিতে বাধা দেওয়া হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়। সার্বিক অবস্থা নিয়ে আজ শুক্রবার খালেদা জিয়ার একটি বিবৃতি দেওয়ার বিষয়ে সদস্যরা একমত হন। রাত পৌনে ১০টায় বৈঠক শুরু হয়ে সোয়া ১২টা পর্যন্ত চলে। বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ মার্চ রাতে খালেদা জিয়া কর্মসূচি চূড়ান্ত করে তা মহাসমাবেশ থেকে ঘোষণা দেবেন। বৈঠকে স্থায়ী কমিটির ১৯ জনের মধ্যে ১৪ জন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকারের দাবি সরকারকে মানতে বাধ্য করাই বিএনপির আন্দোলনের উদ্দেশ্য। সরকার পতনের নামে সহিংসতার দিকে যাওয়ার কোনো ইচ্ছে বিএনপির নেই। এ জন্য বৈঠকে শান্তিপূর্ণ কর্মসূচি, সরকারের সঙ্গে আলোচনা ও সংসদে গিয়ে দাবির বিষয়টি তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে। ওই নেতা আরও বলেন, ১২ মার্চের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থানের বিষয়টি দেখে ভবিষ্যতে কর্মসূচি ঠিক করা হবে।