জোট সরকার কমলগঞ্জে কোনো উন্নয়নকাজ করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এ দেশের মানুষ ভাঙা স্যুটকেসের অনেক কাহিনি শুনেছে। বিগত চারদলীয় জোট সরকার আমলে ভাঙা স্যুটকেস ও বৈদ্যুতিক খাম্বার ব্যবসায়ীরাই কমলগঞ্জ উপজেলার সড়কগুলো ভাঙাচুরা রেখে গেছেন। ওই সরকার কমলগঞ্জে কোনো উন্নয়নকাজ করেনি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে কমলগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার কমলগঞ্জ-আদমপুর সড়ক প্রশস্তকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ চিফ হুইপ আব্দুস শহীদ এসব কথা বলেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রশস্ত করছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী গোপালচন্দ্র সরকার, কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ভাইস চেয়ারম্যান খন্দকার আহমদ হোসেন প্রমুখ। আব্দুস শহীদ আরও বলেন, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের উন্নয়নে এক কোটি চার লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ মহাবিদ্যালয়ে অচিরেই দুটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হবে। এ উপজেলায় একটি পাইলট উচ্চবিদ্যালয় করা হবে। কমলগঞ্জকে একটি পর্যটন এলাকায় পরিণত করার পরিকল্পনাও সরকারের আছে।