জোট সরকার ট্রাম্পকার্ড হিসেবে আমাকে ব্যবহার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান বলেছেন, ‘বিগত চারদলীয় জোট সরকার আমাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার তদন্তে এখন বিএনপির অনেক রাঘববোয়ালের নাম বেরিয়ে আসছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানিকালে গতকাল রোববার মুফতি হান্নান বাগেরহাটের বিচারিক হাকিমের (২) আদালতে এ কথা বলেন। তাঁর রিমান্ড মঞ্জুর না করার জন্য আদালতকে অনুরোধ জানিয়ে মুফতি হান্নান বলেন, ‘আমি এই বোমা হামলার ব্যাপারে কিছুই জানি না।’বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত শুনানি শেষে হাকিম মো. নূর নবী মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) খুলনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুখরঞ্জন সমাদ্দার মুফতি হান্নানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য গত ১৮ আগস্ট এই আদালতে আবেদন করেন।মুফতি হান্নান আরও বলেন, ‘গত পাঁচ বছরে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ৩৬৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলার ২২টি মামলায় আমি কারাগারে বন্দী রয়েছি। নির্যাতনের কারণে আমার শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে।’মুফতি হান্নান কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে আরও বলেন, ‘আমাকে হুজির প্রধান বলা হয়। অথচ আমি এই সংগঠনের কোনো সদস্যও নই। আমি গোপালগঞ্জের ১৮টি মাদ্রাসার অধ্যক্ষ। মানুষ মারার মতো ঘৃণ্য কাজে কখনোই জড়িত ছিলাম না। আমার ভাই ও চাচাসহ পরিবারের অনেকেই গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভেবেছিলাম বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের সময় সুবিচার পাব।’ শুনানি শেষে কঠোর নিরাপত্তার মধ্যে মুফতি হান্নানকে বাগেরহাট কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুখরঞ্জন সমাদ্দার জানান, দু-একদিনের মধ্যেই হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হবে।বাগেরহাটের মোল্লাহাটে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর সাংসদ শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে নয়জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হন। এই হামলার ঘটনায় করা মামলায় গত ৭ এপ্রিল মুফতি আবদুল হান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।