আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিগত চারদলীয় জোট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল। সে উদ্দেশ্যেই জোট সরকারের আমলে অমুক্তিযোদ্ধাদের দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ করা হয়।গতকাল মঙ্গলবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ওই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, জোট সরকারের আমলে অনেককে মুক্তিযোদ্ধার ভুয়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এমন অনেককেও তালিকাভুক্ত করা হয়, একাত্তরে যাঁদের জন্মই হয়নি।পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন সম্ভব নয়। আমরা টাকা, চাকরি বা চাকরির মেয়াদ বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধ করিনি। তার পরও বর্তমান সরকার বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।’আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। তিনি সৈয়দ আশরাফকে উদ্ধৃত করে বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। কিন্তু যেকোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।’ এ জন্য তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হেলাল মোরশেদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক একটি অ্যালবাম মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়। এটি বিতরণ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অ্যালবাম নেওয়ার জন্য প্রথমে ঢাকা মহানগরের নাম ঘোষণা করা হলে ঢাকা জেলার সদস্যরা এর প্রতিবাদ জানান। তাঁরা আগে ঢাকা জেলাকে দেওয়ার দাবি জানান।