জোট সরকারের দুর্নীতিই জরুরি অবস্থা নিয়ে এসেছিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থা ঘোষণার পেছনে বিএনপি-জামায়াত জোট সরকারের সীমাহীন দুর্নীতি, অপশাসন এবং ভোট জালিয়াতির ষড়যন্ত্রই দায়ী। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অনন্য। ২০০১ সাল ছাড়া অন্য কোনো সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে বিএনপি সরকারের ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এর পরও তারা ভোটারশূন্য একটি নির্বাচন করেছিল। কিন্তু দেশের মানুষ সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। জনগণের আন্দোলনের মুখে তারা পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল।’ তিনি বলেন, ২০০৭ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ফের ভোট জালিয়াতি ও ভুয়া ভোটার তালিকার মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে। কিন্তু দেশের জনগণ আবারও তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দেয়। বিএনপি-জামায়াত জোট সরকারের অপকর্মই দেশকে জরুরি অবস্থার মুখে ঠেলে দিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশে সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সমান অধিকারে বিশ্বাসী এবং তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আমাদের নবী করিম (সা.) সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতার কথা বলেছেন।’কতিপয় সংশোধনীসহ ২০০১ সালের অর্পিত সম্পত্তি আইন চালু ও হিন্দু ফাউন্ডেশন গঠনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনা করেই করা হবে।’যুগ যুগ ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগকে ভোটদানকারী কেউই বিএনপি-জামায়াত জোটের অত্যাচার-নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র ভক্ত।বৈঠককালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পূজা উদ্যাপন পরিষদের নেতা পরিতোষ মণ্ডল, এল এম নাথ, অসিম কুমার উকিল, পঙ্কজ দেবনাথ, সুজিত কুমার নন্দী প্রমুখ।