জোট সরকারের সময় লোক দেখানো তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে ১০ ট্রাক অস্ত্রের চালান আটকের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন তৎকালীন জোট সরকারের সময় লোক দেখানো তদন্ত করা হয়।এমনকি তখন অভিযোগপত্র দিয়ে প্রকৃত আসামিদের আড়াল করারও চেষ্টা হয়, যা এখন অধিকতর তদন্তে প্রমাণ মিলেছে বলে সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।অভিযোগ রয়েছে, জোট সরকারের আমলে মূল অপরাধীদের আড়াল করতে সাধারণ শ্রমিক, ছোটখাটো কয়েকজন চোরাচালানিকে ফাঁসিয়ে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালতের পর্যবেক্ষণেও জোট সরকার আমলের তদন্তের ত্রুটির কথা বলা হয়েছে।মামলার নথিপত্রে দেখা যায়, প্রথম দফা তদন্ত শেষে ২০০৪ সালের ১১ জুন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার এ কে এম কবির উদ্দিন এ-সংক্রান্ত দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এরপর ওই আমলেই আবার অধিকতর তদন্ত করেন সিআইডির তৎকালীন আরেক কর্মকর্তা নওশের আলী। তিনি একই বছরের ২৮ আগস্ট সম্পূরক অভিযোগপত্র দেন। এতে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি দেখানো হয়। স্থানীয়ভাবে চোরাচালানি হিসেবে পরিচিত হাফিজুর রহমান ও দিন মোহাম্মদ ছাড়া বাকিদের বেশির ভাগই শ্রমিক।দুটি অভিযোগপত্রে এসব অস্ত্র কোত্থেকে আনা হয়েছে এবং এর গন্তব্য কোথায় ছিল, তার কিছুই উল্লেখ করা হয়নি।এ ঘটনায় অনুসন্ধানকালে গত বছর প্রথম আলোকে তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, ২০০৪ সালের ২ এপ্রিল অস্ত্র চালান আটকের সময় উপস্থিত উলফা সদস্যদের পালিয়ে যেতে সাহায্য করা হয়। নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয় এই মামলার অন্যতম প্রধান আসামি হাফিজুর রহমানকেও। যে দুই পুলিশ সার্জেন্ট প্রথম ঘটনাস্থলে যান, তাঁদের আগের অভিযোগপত্রে সাক্ষীও করা হয়নি। এ ছাড়া বন্দর ফাঁড়িতে ঘটনার বিবরণ দিয়ে দায়ের করা সার্জেন্ট আলাউদ্দীনের প্রথম সাধারণ ডায়েরি (জিডি) ছিঁড়ে ফেলা হয়।সূত্র জানায়, অস্ত্র আটকের ঘটনা থেকে শুরু করে মামলার সাক্ষ্য নেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে গরমিল ছিল। এই অবস্থায় দুর্বল তদন্তের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৯ নভেম্বর মামলা দুটির অধিকতর তদন্তের আবেদন করেন চট্টগ্রাম মহানগর আদালতের তৎকালীন সরকারি কৌঁসুলি (পিপি) আহসানুল হক হেনা।তখন আহসানুল হক প্রথম আলোকে বলেছিলেন, যাঁরা আসামি হওয়ার কথা তাঁদের সাক্ষী করা হয়েছে। অথচ মামলার শুনানির সময় ওই সাক্ষীরা আদালতে এমন বক্তব্য রেখেছেন, যা এর আগে তদন্ত পর্যায়ে পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারার জবানবন্দির সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ তাঁরা পুলিশকে যা বলেছেন, আদালতে এসে বলেছেন তার বিপরীত। এ কারণে নয়জন সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয়। আর অন্য যে ২২ জন সাক্ষ্য দিয়েছেন, তাঁদের বক্তব্য এমন যে ধরি মাছ, না ছুঁই পানি। পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের নভেম্বরে তৎকালীন মহানগর দায়রা জজ (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) এ এন এম বশিরউল্লাহ সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তের আদেশ দেন।মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, আদালত তাঁর পর্যবেক্ষণে জোট সরকার আমলের তদন্তে সাতটি দুর্বলতার কথা উল্লেখ করেন। এগুলো হলো: আটক অস্ত্রগুলো কোন দেশের তৈরি, এগুলো কারা এনেছে, কোন দেশ থেকে এনেছে, কার বা কাদের দ্বারা সরবরাহ করা হয়েছে, কোন জলযানে (জাহাজ) করে অস্ত্রগুলো বাংলাদেশে আনা হয়েছে, চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে কার নির্দেশে অস্ত্র খালাস হয়েছে এবং পুলিশের সার্জেন্ট আলাউদ্দীন ও সার্জেন্ট হেলালের কাছ থেকে র‌্যাব যে দুটি অস্ত্র উদ্ধার করেছে, তা ১০ ট্রাক চালানের অস্ত্র কি না?আগের তদন্ত প্রতিবেদনে এ মৌলিক বিষয়গুলোর কোনো উল্লেখ ছিল না। আদালতের এই সাতটি পর্যবেক্ষণকে সামনে রেখে ২০০৭ সালের ২০ নভেম্বর থেকে অধিকতর তদন্ত শুরু করে সিআইডি। তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী। তিনি সাড়ে তিন বছরের বেশি অধিকতর তদন্ত করে গতকাল সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছেন।