জোট সরকারের সময়ে এনজিওকে অর্থ বরাদ্দের কোনো হিসাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে কোন এনজিওকে কত টাকা দেওয়া হয়েছে তার কোনো হিসাব সরকারের কাছে নেই। জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ তথ্য জানান।এর আগে বিকেল সোয়া চারটায় সংসদের প্যানেল সভাপতি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এন সাংমা অধিবেশনকক্ষে বসে সংসদ কার্যক্রম দেখেন।মতিয়া চৌধুরী বলেন, চারদলীয় জোট সরকারের আমলে এনজিওবিষয়ক ব্যুরোর মাধ্যমে নিবন্ধিত এনজিওর সংখ্যা মোট ৪৭৪টি। ওই আমলে দেশীয় এনজিওগুলো মোট ১০ হাজার ৩৬৬ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। তবে কোন এনজিও কোন প্রকল্পের বিপরীতে কত টাকা বরাদ্দ পেয়েছে তার হিসাব এনজিও ব্যুরোতে নেই। নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে: নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে একটি আইন বা নীতিমালা প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে এ কাজ করা হবে। একটি নীতির ভিত্তিতে এসব পদে লোক নিয়োগের কথা ইতিমধ্যে বিভিন্ন মহলে উঠেছে। বেগম নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক ২০৫ কোটি লিটার পানি সরবরাহ করে। ৫৫৩টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে এ পানি সরবরাহ করা হয়।