জোটগতভাবে হরতাল মোকাবিলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোটগতভাবে বিরোধী দলের হরতাল মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। রাজধানীর পাড়া-মহল্লায় এবং সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১৪ দলের নেতা-কর্মীরা ‘সতর্ক’ পাহারায় থাকবেন।

গতকাল শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক নেতা জানান।

আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায়ও একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সংলাপের পক্ষে। কিন্তু বিরোধীদলীয় নেতা আলটিমেটাম ও হরতাল প্রত্যাহার না করলে তাঁদের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘আলটিমেটামের’ মাধ্যমে আলোচনার পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

তোফায়েল আহমেদ দাবি করেন, সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব সমর্থন করে আলোচনায় বসলে কোনো সংকট থাকত না। যে ময়দানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছেন, শিখা চিরন্তন রয়েছে, সেই ময়দানে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে বিরোধীদলীয় নেতা সোহরাওয়ার্দী উদ্যানকে কলুষিত করেছেন।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াসহ অন্য শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পাড়া-মহল্লায় পাহারা: গতকাল বিকেলে আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হরতালের সময় জনগণের জান-মাল রক্ষায় পাড়া-মহল্লায় পাহারা বসাতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

এতে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।