উন্নয়ন ফি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।গতকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোট উন্নয়ন ফি বাতিল ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার দাবি করে।এদিকে, শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেন।প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলন: উন্নয়ন ফি বাতিল ও ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে গতকাল বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্র জোট। ছাত্রনেতারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নিজের আয়ে চলাসংক্রান্ত ২৭/৪ ধারা বাতিলের ঘোষণা দেওয়ার তিন মাস পরও তা বাস্তবায়িত হয়নি; বরং এ আইনটির কারণে উন্নয়ন ফির নামে বাণিজ্য করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এটি অবিলম্বে বন্ধ করা না হলে আগামী রোববার ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান নেতারা।শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে জোটের নেতারা বলেন, ‘শিক্ষকেরা আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা শুধু বাধা দিই।’ শিক্ষক লাঞ্ছিত হওয়ার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তাঁরা।এর আগে পাঁচ হাজার টাকার উন্নয়ন ফি বাতিলের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্র জোট। একপর্যায়ে কয়েক শ সাধারণ শিক্ষার্থী ‘সংহতি’ ব্যানার নিয়ে ছাত্র জোটের সঙ্গে এক হয়ে বিক্ষোভ করেন।দুই ঘণ্টা বিক্ষোভ মিছিলের পর আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের অগ্রণী ব্যাংকে যাওয়ার ফটক অবরোধ করেন। তাঁরা ভর্তি হতে ইচ্ছুকদের ভর্তি ফির টাকা জমা দিতেও বাধা দেন।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনে শিক্ষকের সংখ্যা ছিল মাত্র ২৫-৩০ জন। শিক্ষকদের মানববন্ধনের কয়েক হাত দূরেই প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে শিক্ষকেরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত কর্মসূচি শেষ করেন।বিশ মিনিটের এই মানববন্ধনে বক্তব্য দেন প্রক্টর কামালউদ্দীন আহমেদ ও ছাত্রকল্যাণের পরিচালক অরুণ কুমার গোস্বামী।মানববন্ধনে শিক্ষকেরা অভিযোগ করে বলেন, ‘ছাত্র জোটের নামে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষকদের লাঞ্ছিত করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’