জোটের প্রার্থীর পক্ষে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হোসেন কাসেমীর সঙ্গে প্রচারণায় নামছেন না বিএনপি নেতারা। তবে গতকাল পরামর্শ চাইতে গেলে প্রার্থীর মনির হোসেন সঙ্গে থাকার আশ্বাস দেন বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন। সকালে সিদ্ধিরগঞ্জ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজে। ছবি: সংগৃহিত
মনির হোসেন কাসেমীর সঙ্গে প্রচারণায় নামছেন না বিএনপি নেতারা। তবে গতকাল পরামর্শ চাইতে গেলে প্রার্থীর মনির হোসেন সঙ্গে থাকার আশ্বাস দেন বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিন। সকালে সিদ্ধিরগঞ্জ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজে। ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ২০–দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসেন কাসেমীর পক্ষে তৎপর নন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। দেরিতে প্রচারণায় নেমে বিএনপির সমর্থন না পেয়ে বেশ বেকায়দায় পড়েছেন মনির হোসেন।

চূড়ান্ত মনোনয়নের শেষ মুহূর্তে বিএনপিদলীয় প্রার্থীদের বাদ দিয়ে এই আসনে জোটের প্রার্থীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হয়। ফলে বিএনপির নেতা–কর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ও তাঁর দলের নেতা-কর্মীরা উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রতীক বরাদ্দের সাত দিন পর গত সোমবার প্রথমবারের মতো প্রচারণায় নামেন মনির হোসেন। কিন্তু তাঁর সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী ছিলেন না। মনির হোসেনের সমর্থকেরা বলেন, প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে তাঁকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না।

নারায়ণগঞ্জ-৪ আসনটি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ দুটি থানা এলাকা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সাড়ে ৬ লাখ। এর মধ্যে ফতুল্লা থানা এলাকায় সাড়ে ৪ লাখ ভোটার রয়েছেন। বিগত দিনের নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এ অঞ্চলে বিএনপি ভোট বেশি পেয়েছে। এ ছাড়া সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী এখানে।

২০০৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহ আলম। এবারের নির্বাচনে শাহ আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়নের আভাস দেওয়া হয় শাহ আলমকে। কিন্তু শেষ মুহূর্তে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মনির হোসেনকে ২০–দলীয় জোটের প্রার্থী করার পর থেকে বিএনপির নেতা-কর্মীরা আগ্রহ হারিয়ে ফেলেন।

বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, গত ১০ বছরে কয়েক শ মামলায় বিএনপির হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ শুরু হয়েছে গায়েবি মামলা। দলের এই দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন শাহ আলমসহ অন্য নেতারা। কিন্তু হঠাৎ করে অন্য দল থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুরুতে নির্বাচনী পোস্টারে মনির হোসেন ধানের শীষ প্রতীক ব্যবহার করলেও সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করেননি। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েন তিনি। পরে পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়।

দলের তৃণমূলের কর্মীরা বলেন, এ আসনের প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর বিপরীতে মনির হোসেন অপেক্ষাকৃত দুর্বল। তাই ২০–দলীয় জোটের প্রার্থীর পক্ষে নেমে আবারও মামলা–হামলায় নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নেতা-কর্মীরা তাঁর পক্ষে নামছেন না। মনির হোসেন সম্পর্কে বিএনপির নেতা-কর্মীদের আগের কোনো ধারণা নেই।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, ‘মামলার জাল থেকে আমরা বের হতে পারছি না। এখনো আমাদের বেশির ভাগ সময় আদালতের বারান্দায় কেটে যায়। যে কারণে নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি না হওয়াতে আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় সমান সুযোগ পাচ্ছি না।’ তিনি বলেন, মূলত মামলার কারণেই বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে পাশে থাকতে পারছেন না। ধরপাকড়ের ভয়ে নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। যেহেতু মনির হোসেন দলের প্রার্থী না, জোটের প্রার্থী; সেহেতু তাঁর পক্ষে কাজ করতে দলের নেতা-কর্মীদের মাঠে নামতে একটু সময় লাগছে।

যোগাযোগ করা হলে মনির হোসেন বলেন, ‘এখানে বিএনপির ৭০ শতাংশের বেশি ভোটার রয়েছেন। এটা উর্বর ভূমি। আমি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। কিন্তু আমি বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতা পাচ্ছি না। আশা করি, শিগগরিই বিএনপির নেতা-কর্মীদের নিয়ে দৃশ্যমান প্রচার-প্রচারণায় নামতে পারব।’

এদিকে সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ‘আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। ধানের শীষের ভোটার আছে এই এলাকায়। তবে এ আসনে বিএনপি জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী বাদ দিয়ে অচেনা একজন লোককে কীভাবে প্রার্থী দিল এবং নির্বাচনে ভোটের লড়াইয়ে তিনি কতটুকু কী করতে পারবেন, এটাই দেখার বিষয়। তারপরও আমরা প্রার্থী হিসেবে তাঁকে ছোট করে দেখছি না।’