কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা। অন্যদিকে বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোট আলাদাভাবে প্রার্থী দেওয়ায় নিজেদের মধ্যে ভোট ভাগাভাগির সম্ভাবনা রয়েছে। ফলে জয়ের ব্যাপারে কোনো দলই নিশ্চিত হতে পারছে না। তবে সার্বিক অবস্থা দেখে এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। কাল রোববার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থী হলেন কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব। এর মধ্যে আবু তালেবকে দলের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে নেতা-কর্মীরা দুজনের পক্ষে আলাদাভাবে প্রচারণায় অংশ নেন।
আবু তালেবের পক্ষে কাজ করছেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ বেশ কিছু নেতা-কর্মী।
অন্যদিকে নুরুল আবছারের পক্ষে রয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।
এ বিষয়ে আবু তালেব বলেন, তৃণমূলের নেতারা তাঁকে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকেরাও তাঁর সঙ্গে রয়েছেন। কিন্তু তৃণমূলের সিদ্ধান্ত অমান্য করে নুরুল আবছার মাঠে নেমে ভোটারদের বিভ্রান্ত করছেন।
অন্যদিকে, নুরুল আবছার জানান, দলের কতিপয় নেতা আবু তালেবকে একক প্রার্থী ঘোষণা করে ফায়দা লোটার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের আভাস পেয়ে তিনিসহ দলের অন্য দুই চেয়ারম্যান পদপ্রার্থী ওই তৃণমূল সভা বর্জন করেন। এখন দলের অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর সঙ্গে রয়েছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও সাধারণ ভোটার জানান, দলের দুই প্রার্থীই শক্তিশালী। তাঁদের নিয়ে জেলা-উপজেলার নেতা-কর্মীরা বিভক্ত হয়ে কাজ করায় সাধারণ ভোটাররা বিভ্রান্তিতে রয়েছেন। ফলে, ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন প্রার্থী থাকলে দলীয় প্রার্থীর জয়লাভের যথেষ্ট সম্ভাবনা ছিল বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরীর মতে, আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে নুরুল আবছার এগিয়ে রয়েছেন। পৌরসভার চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করার সুবাদে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
একই রকম মন্তব্য করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহান।
এখানে চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জামায়াতের জেলা সেক্রেটারি জি এম রহিমুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মাওলানা ইয়াছিন হাবিব আলাদা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব আয়োজন সম্পন্ন হয়েছে। সংখ্যালঘুরা যেন নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।