জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার ২০ জুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হওয়া জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজ শিশুর অস্ত্রোপচার হবে ২০ জুন। বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
অধ্যাপক মো. রুহুল আমিন বলেছেন, অস্ত্রোপচার করে পূর্ণাঙ্গ শিশুটিকে বাঁচানো সম্ভব হবে। আর তার সঙ্গে জোড়া লাগানো অপূর্ণাঙ্গ শিশুটি নিয়ে চিকিৎসকদের কিছু করার নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তান প্রসব করেন। এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে একটি অপূর্ণাঙ্গ শিশু। তার মাথা, বুক ও হাত নেই। অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।
অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন’ বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ বলা হয়।
হীরামনি যমজ সন্তান নিয়ে গত ১০ মার্চ বিএসএমএমইউতে ভর্তি হন। চিকিৎসকেরা জানিয়েছেন, নবজাতকের জীবন নিয়ে সংশয় ছিল। অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘পূর্ণাঙ্গ শিশুটি মায়ের দুধ খাচ্ছে। সে সুস্থ আছে। সম্ভাব্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর আমরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ২০ জুন সফল অস্ত্রোপচার হবে।’
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রুহুল আমিন বলেন, পূর্ণাঙ্গ শিশুটির সব অঙ্গ-প্রত্যঙ্গ আছে এবং সেগুলো পৃথক। কিছু ক্ষেত্রে দেখা গেছে দুজনের রক্তনালি একই বা সাধারণ (কমন)। এ ছাড়া অপূর্ণাঙ্গ শিশুর পিঠের হাড় যুক্ত আছে পূর্ণাঙ্গ শিশুর বুকের হাড়ের সঙ্গে। পূর্ণাঙ্গ শিশুটির নাভি অসম্পূর্ণ, যা পৃথক অস্ত্রোপচার করে ঠিক করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জটিল অস্ত্রোপচারে অংশ নেবেন নবজাতক, অ্যানেসথেশিয়া ও অ্যানালজেশিয়া বিভাগের একদল চিকিৎসক। অস্ত্রোপচারে নেতৃত্ব দেবেন অধ্যাপক রুহুল আমিন।