জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের সফল অস্ত্রোপচার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার সফল হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুরো অস্ত্রোপচারটি হাসপাতালে সরাসরি সম্প্রচার করা হয় এবং তা বাইরে বসে দেখেন শিশুটির মা।
অস্ত্রোপচার শেষে বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান সাংবাদিকদের বলেন, ১৮ সদস্যের মেডিকেল টিমের নেতৃত্বে অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচারটি পুরোপুরি সফল হয়েছে। শিশুটিকে নবজাতক বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।
অস্ত্রোপচারটি অত্যন্ত জটিল ও কঠিন ছিল বলেন জানান বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন। অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক দলের নেতৃত্বে থাকা রুহুল আমিন বলেন, আড়াই ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচারের মূল চ্যালেঞ্জ ছিল দুটি—কিডনি আলাদা করা ও রক্তনালির প্রবাহ ঠিক রাখা।
বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ যমজ সন্তানের জন্ম দেন। শিশুদের একটি পূর্ণাঙ্গ শিশু মোহাম্মদ আলী। গতকাল পর্যন্ত আলীর শরীরে জোড়া লাগানো ছিল একটি অপূর্ণাঙ্গ শিশু। অপূর্ণাঙ্গ অংশটির মাথা, বুক ও দুই হাত নেই। এত দিন অপূর্ণাঙ্গ শিশুটি অর্ধেক শরীর নিয়ে আলীর সঙ্গে যুক্ত ছিল।
শিশুটির মা হীরামনি প্রথম আলোকে বলেন, ‘দেখে ভালোই তো লাগল। না দেখতে পেলে ভাবতাম, কী হচ্ছে, কী হবে, অনেক ভয় লাগত। এখন আল্লাহ সহায় হলে নিজের ছেলেকে ফিরে পাব। আশা করছি, আবার ছেলেকে কোলে তুলে নিতে পারব।’
শিশুটির বাবা মো. জাকারিয়াও এ সময় উপস্থিত ছিলেন।