জোড়াতালি দিয়ে চলছে বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার যা আয় করে, খরচ করে তার ১০ গুণ। এক যুগ আগেও বিজ্ঞাপন খাতে আয় ছিল ২২ কোটি টাকা, এখন ১০ কোটি টাকায় নেমে এসেছে। বছরে সরকার দেয় ১০৫ কোটি টাকা।
রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির ৬৬৬টি পদ থাকলেও তাঁদের ব্রডকাস্টার (সম্প্রচারকর্মী) হিসেবে কাজ করানো যাচ্ছে না। কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁদের অনেকেই অনুষ্ঠান নিয়ন্ত্রক, পরিচালক, উপপরিচালকসহ প্রশাসনিক দায়িত্ব পালন করতে চান। ফলে অনুষ্ঠান ঘিরে বেতারের মূল যে কর্মযজ্ঞ, তা চলছে নিজস্ব শিল্পীদের মাধ্যমে জোড়াতালি দিয়ে। বাংলাদেশ বেতারের আর্থিক ও বার্ষিক প্রতিবেদন ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
বেতারে প্রথম শ্রেণির পদের মধ্যে শুধু প্রকৌশলীর অনুমোদিত পদই আছে ৩৪০টি। সরকারি কোনো প্রতিষ্ঠানে প্রকৌশলীর এত পদ নেই। এঁদের অনেকের বিরুদ্ধে কাজ ফাঁকি, এক পদ দীর্ঘদিন আঁকড়ে থেকে অনিয়ম করা, ব্যবসা-বাণিজ্যে জড়ানোসহ নানা অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রচারের জন্য পেশাদার, দক্ষ ও যোগ্য লোকের অভাবে বেতার ডুবতে বসেছে। অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার পরই তাঁদের লক্ষ্য থাকে সচিব হিসেবে পদোন্নতি বা ভালো পদায়ন নিয়ে এখান থেকে চলে যাওয়া।
রাষ্ট্রীয় কোষাগার থেকে এখন বছরে বেতারকে ১০৫ কোটি টাকা দিতে হচ্ছে জনবল ও পুরোনো প্রযুক্তি রক্ষণাবেক্ষণের জন্য। তথ্য মন্ত্রণালয়ের বাজেট প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে বেতারের জন্য খরচ হবে ১২০ কোটি টাকা। আয় কমে যাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ওই খরচের প্রায় সবটাই সরকারকে বহন করতে হবে।
১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার আগামী ১৬ ডিসেম্বর ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে। জনবলের সংখ্যা বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় এবং সময় বিবেচনায় সবচেয়ে প্রাচীন এই প্রতিষ্ঠানের অবস্থা এখন জরাজীর্ণ।
জনপ্রিয়তা ও বিজ্ঞাপনের হাল: মার্কেট রিসার্চ ব্যুরোর (এমআরবি, বাংলাদেশ) সাপ্তাহিক শ্রোতা জরিপ অনুযায়ী, এ বছরের ১১ সপ্তাহে ঢাকা শহরে যেসব শ্রোতা রেডিও শুনেছেন, তাঁরা বাংলাদেশ বেতার শোনার জন্য ১ থেকে ২ শতাংশ সময় দিয়েছেন। এমআরবি আগে সিরিয়াস মার্কেটিং অ্যান্ড সোশ্যাল রিসার্চ নামে কাজ করত।
তবে এই জরিপের সঙ্গে একমত নন বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, এ ধরনের জরিপের নমুনা সংখ্যা খুবই কম এবং নির্বাচন পদ্ধতি বিতর্কিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে শ্রোতা জরিপ করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
বেতার কর্তৃপক্ষের দাবি, তাদের নেটওয়ার্ক কভারেজ ৯৮ শতাংশ। কিন্তু বিজ্ঞাপনদাতারা এতে সন্তুষ্ট নন। তাঁরা বেতারের শ্রোতাসংখ্যা ও অবস্থান জানতে চান। বেতারের কাছে অবশ্য এমন কোনো পরিসংখ্যান নেই।
এমআরবির পরিচালক (গ্রুপ বিজনেস) সমীর পাল এ প্রসঙ্গে বলেন, ঢাকায় বেতারের বিকল্প হিসেবে এফএম রেডিও জনপ্রিয় হয়েছে। গ্রামে কমিউনিটি রেডিও আরেকটু জনপ্রিয় হলে বেতারের আবেদন সেখানেও ক্রমান্বয়ে ফুরিয়ে যাবে।
বাণিজ্যিক কার্যক্রম একটি সম্প্রচার প্রতিষ্ঠানের প্রাণ। কিন্তু বেতারে ৬৬৬ জন প্রথম শ্রেণির কর্মকর্তার মধ্যে বিজ্ঞাপন ও ব্যবসায়ী-সংক্রান্ত কার্যাবলি দেখার জন্য কর্মকর্তা আছেন মাত্র একজন। প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এখন এ বিষয়ে মনোযোগ দেওয়া হচ্ছে। বিজ্ঞাপনের আয় কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, শিশুখাদ্য, অনুমোদনবিহীন পণ্য, নোট-গাইডসহ বিভিন্ন বিজ্ঞাপন বাংলাদেশ বেতারে প্রচার করা যায় না। নিয়মের বাইরে কাউকে কমিশন বা সুবিধা দেওয়ারও সুযোগ নেই।
জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ জানতে চাইলে মহাপরিচালক পাল্টা প্রশ্ন করে বলেন, বেতার জনপ্রিয় না হলে বিবিসি, রেডিও চায়না, রেডিও জাপান, রেডিও জার্মান, ইউনিসেফ কেন বেতারের সঙ্গে চুক্তি করছে?
এফএম চালু হচ্ছে না কার স্বার্থে: বেতারে এফএম (ফ্রিকোয়েন্সি মোডুলেশন) পুরোদমে চালু না হওয়ার কারণ অনুসন্ধান করে দেখা গেছে, এটা চালু করলে অনেক প্রকৌশলীর কাজ থাকবে না। কারও কারও অবৈধ আয়-উপার্জন কমে যাবে। এ জন্য প্রকাশ্যে বিরোধিতা না করলেও অনেকে বেতারের এএম (অ্যামপ্লিচ্যুড মোডুলেশন) টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
বেতারে ৩২টি এফএম ট্রান্সমিটার থাকলেও এগুলো ঠিকমতো কাজ করছে না। এই পরিস্থিতিতে এগুলোর নামকরণ, জনবল, কর্মপরিধিসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে গত ২৬ অক্টোবর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
ওই কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বেতারে সম্প্রসারণ, আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, উন্নয়ন, স্বয়ংসম্পূর্ণ, সমৃদ্ধকরণসহ বিভিন্ন শব্দ কথায় ও কাজে খুবই ব্যবহার করা হয়। বাস্তবে সব কর্মকাণ্ডের লক্ষ্য হলো পুরোনো ১৫টি এএম কেন্দ্র টিকিয়ে রাখা।
ধামরাইয়ে মহাশক্তি প্রেরণকেন্দ্র এবং কবিরপুরে ক্ষুদ্র তরঙ্গ প্রেরণকেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিয়ে রাখার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দেড় বছর আগে তদন্ত শুরু করলেও দফায় দফায় তদন্ত কর্মকর্তা বদল হচ্ছে।
বেতার ছেড়ে আসা একজন কর্মকর্তা বলেন, কে শুনল বা না শুনল তা নিয়ে মন্ত্রণালয়, বেতার কর্তৃপক্ষ বা কর্তাব্যক্তিদের কিছু যায়-আসে না। এটি এখন ‘আসি-যাই বেতন পাই’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর মতে, ৩০০ বা ৪০০ কোটি টাকার এএমের বড় প্রকল্প মন্ত্রণালয়, বেতার কর্তৃপক্ষ বা প্রকৌশলীদের যতটা আকৃষ্ট করে, এক থেকে দুই কোটি টাকার এফএম স্টেশন ততটা করে না। এফএম স্টেশন নেটওয়ার্কিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হলেও রহস্যজনকভাবে এফএম ট্রান্সমিটারগুলোর কোনো নেটওয়ার্কিং করা হয়নি।
এ প্রসঙ্গে বেতার কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে ৬ নভেম্বর মহাপরিচালকের উপস্থিতিতে কয়েকজন প্রকৌশলী বিষয়টি ব্যাখ্যা করেন। তাঁদের বক্তব্য হচ্ছে, ঢাকার অনুষ্ঠানগুলো এএম থেকে এফএম স্টেশনগুলোতে দেওয়া হয়। কিন্তু এএম বাদ দিয়ে শুধু এফএম চালু করলে এবং মাঝখানে একটি এফএম প্রাকৃতিক দুর্যোগ, নাশকতা, যুদ্ধাবস্থা বা অন্য কোনো কারণে বিকল হলে পরেরগুলো আর কাজ করবে না।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বেতারের অনুষ্ঠান শোনার জন্য নির্ভর করতে হয় রেডিও সেটের ওপর। কিন্তু এফএমের যুগে এএম উপযোগী রেডিও এখন পাওয়া যায় না। বিশ্বের কোনো দেশ এএম প্রযুক্তির বিষয় মাথায় রেখে আর রেডিও তৈরিও করে না।
বেতারের সাবেক মহাপরিচালক মাহবুবুল আলম এ প্রসঙ্গে বলেন, বেতার সার্বভৌমত্বের প্রতীক। এএম সেট পাওয়া যায় না, এটা সত্য। কিন্তু প্রয়োজনে তা তৈরি করার উদ্যোগ নিতে হবে।
বেতার যেন প্রশিক্ষণকেন্দ্র: শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা বলেছেন, এখানে উপস্থাপক, সংবাদ পাঠক, নাট্য ও সংগীতশিল্পীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আসেন কাজ শেখার জন্য। এরপর চলে যান। কারণ, তাঁদের যে সম্মানী দেওয়া হয়, তা দিয়ে আসা-যাওয়ার ভাড়াও হয় না। ১০ মিনিটের দুটি গানের জন্য বেতারের বিশেষ শ্রেণির শিল্পী ১১০৮ এবং গ শ্রেণির শিল্পী ৩৪০ টাকা পান। একজন মন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তি আলোচনায় অংশ নিলে সর্বোচ্চ ৫০০ টাকা দিতে পারে বেতার।
ডিজিটালাইজেশন মুখের বুলি: ট্রান্সক্রিপশন সার্ভিস ডিজিটাল করতে গিয়ে মাঝপথে থেমে আছে। শুরুর পর থেকে বেতার টেপে চলত, ডিজিটাল করার উদ্যোগ নিয়ে সিডিতে রূপান্তর করা শুরু হয়। কিন্তু সিডিতে সংরক্ষণ করতে গিয়ে বিপত্তি সৃষ্টি হয়, মাঝেমধ্যেই দেখা যায়, সিডি খুলছে না। এরপর ডিজিটালাইজেশন বন্ধ করা হয়। এখন টেপ চলার পুরোনো যন্ত্রগুলো কিনতে পাওয়া যায় না। বিশ্বের কোনো দেশ এটি তৈরিও করে না।
সরেজমিনে দেখা যায়, বেতারের পুরোনো যন্ত্রগুলো সংস্কার করে জোড়াতালি দিয়ে কিছু সিডিতে বা কিছু টেপ দিয়ে চলছে। রেকর্ডিং স্টুডিওগুলোর অবস্থা তথৈবচ। মান্ধাতার আমলের বিশাল আকৃতির কনসোলগুলোর অনেক বাটনই কাজ করে না। মাইক্রোফোনগুলোর অবস্থাও যাচ্ছে তাই।
প্রকৌশল শাখার একজন কর্মকর্তা বলেন, ডিজিটালাইজেশন হতে হবে অনলাইননির্ভর। কিন্তু এমন কোনো উদ্যোগ নেই।
৬ নভেম্বর মহাপরিচালকের উপস্থিতিতে কয়েকজন প্রকৌশলী স্বীকার করেন, ডিজিটালাইজেশনের অবস্থা সন্তোষজনক নয়। নামকাওয়াস্তে ইন্টারনেট ব্রডকাস্টিং শুরু হলেও কিছু গান ও অনুষ্ঠান ইনপুট দিয়ে রাখা আছে, তার পরও এটা শোনা নির্ভর করে ইন্টারনেটের গতির ওপর।
বিরোধ ও দুর্নীতি: একাধিক প্রকৌশলী ও কর্মকর্তার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, সেখানে প্রকৌশলী বনাম অনুষ্ঠান শাখার দ্বন্দ্ব প্রকট। সব কেনাকাটা ও প্রকল্প প্রকৌশলীদের নিয়ন্ত্রণে থাকায় তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকছেন।
অনুসন্ধানে দেখা গেছে, বেতারে কয়েকজন প্রকৌশলীর একটি সিন্ডিকেট রয়েছে। মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অনেককেই মূলত তাঁরা খুশি রাখেন, কর্তাব্যক্তিদের পরিচালিত করেন নিজেদের সুবিধা অনুযায়ী।
দুদক কবিরপুর বেতারকেন্দ্র নির্মাণে দুর্নীতির তদন্ত শুরু করলেও তা ধামাচাপা পড়ে আছে প্রায় দেড় বছর। বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে যাচ্ছে।
জনবল পর্যাপ্ত, কাজ অপর্যাপ্ত: বেতারে অনুমোদিত পদ দুই হাজার ১৩৭টি। কর্মরত আছেন এক হাজার ২৩৯ জন। শূন্য পদ ৮৭৯টি। তবে ৩১৫টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।
অনুসন্ধানে দেখা গেছে, সেখানে জনবল পর্যাপ্ত থাকলেও তাঁদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। পদোন্নতির বেলায় বেতারে কার্পণ্য নেই বরং উদারতা রয়েছে। এই মুহূর্তে অষ্টম থেকে এইচএসসি পাস করা ২৭ ব্যক্তি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার পদমর্যাদায় বেতারের সহকারী প্রকৌশলী হতে যাচ্ছেন। তাঁরা ক্লিনার, চৌকিদার ও কাঠমিস্ত্রির মতো নন-টেকনিক্যাল পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের সহকারী প্রকৌশলী করার প্রস্তাব বেতার থেকে তথ্য মন্ত্রণালয় হয়ে বর্তমানে সরকারি কর্মকমিশনে রয়েছে। এ বিষয়ে মহাপরিচালক বলেন, চাকরির শেষ জীবনে এমন বিষয় মানবিক দৃষ্টিতে দেখা হয়।
বেতারের সাবেক মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, সেখানে পেশাদারির অভাব রয়েছে। এটা কাটিয়ে উঠতে জনবল কাঠামো ও পদোন্নতির প্রক্রিয়া ঠিক করার পাশাপাশি স্বায়ত্তশাসন দিতে হবে।
কাল পড়ুন বাংলাদেশ সংবাদ সংস্থা নিয়ে প্রতিবেদন