জোড়াতালির সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের খালের ওপর নির্মিত বেইলি সেতুটি জোড়াতালি দিয়ে চলছে। ১৭ বছর আগে নির্মাণ করা এই সেতু দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার কিছু এলাকার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করার জন্য ১৯৮৮ সালে নিশ্চিন্তপুর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। দৈর্ঘ্যে ২৫ মিটার ও প্রস্থে ৫ মিটারের এই সেতুটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির ওপর ভারী যানবাহন উঠলে দুই পাশ দিয়ে হাঁটার তেমন রাস্তা থাকে না। দাউদকান্দির কয়রাপুর, নিশ্চিন্তপুর, সোনাকান্দা, পদুয়া, খালিসা, শ্রীরায়েরচর, নয়ানগর, বনুয়াকান্দি, সরদারকান্দি, বাজারখোলা, উজিয়ারা, মনিষমারী, জাফরাবাদ, নলচক ও মনাইরকান্দি গ্রাম, মতলব উত্তর উপজেলা এবং মতলব দক্ষিণ উপজেলার কিছু এলাকার লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত ও বিভিন্ন স্থানে মালামাল আনা-নেওয়া করে থাকেন। নিশ্চিন্তপুর গ্রামের অটোরিকশাচালক রাজন ভূঁইয়া (২৩) বলেন, জোড়াতালির এই সেতুতে ওঠার পর প্রায়ই ভাঙা স্থানে চাকা আটকে যায়। তা ছাড়া মতলব উত্তরের ৪৫০টি এবং দাউদকান্দির একাংশের ৪১৫টি অটোরিকশা এ সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে।
দাউদকান্দি সদরের ব্যবসায়ী আমির হোসেন জানান, চাঁদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব কমাতে ট্রাকসহ কয়েক শ ব্যক্তিগত গাড়ি সেতুটি ব্যবহার করে। অপ্রশস্ত এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করায় লোহার পাটাতন নষ্ট হয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাময়িক ব্যবস্থা হিসেবে সওজ ভেঙে যাওয়া পাটাতন মাঝেমধ্যে ঝালাই দিয়ে মেরামত করে। এ ব্যাপারে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন বলেন, এখানে আপাতত আরেকটি নতুন বেইলি সেতু স্থাপনের প্রক্রিয়া চলছে।