জোতদারেরা বনায়নে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়-জলোচ্ছ্বাস প্রতিহত করতে মাছ ও মাছের খাদ্য বৃদ্ধিসহ বন্য প্রাণীর অভয়ারণ্য গড়তে যতটুকু বন দরকার, ভোলায় এর এক ভাগও নেই। এর মূল কারণ, বনায়নে বাধা। স্থানীয় জোতদারেরা (প্রচুর জমির মালিক) বনায়ন করতে বাধা দিচ্ছেন বন বিভাগকে। আর স্থানীয় ভূমি কার্যালয় সেই জোতদারদের সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এসব জোতদারের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সাঈদ বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশন উপজেলায় মেঘনা-তেঁতুলিয়া এবং সাগর মোহনা এলাকায় যেখানেই নতুন চর পড়বে, সেই জমি বন বিভাগের।১৯৮৯ সালের ১৪ মের এক প্রজ্ঞাপনে উল্লেখ আছে, ভোলায় কমপক্ষে তিন লাখ ৬০ হাজার একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বনায়ন করতে হবে। কিন্তু এ পর্যন্ত বনায়ন করা হয়েছে মাত্র এক লাখ ২৩ হাজার একরে।ওই সব এলাকায় আরও বনায়ন করা সম্ভব হলে ঝড়-জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন প্রতিহত হবে এবং ইলিশ, চিংড়ির খাদ্য ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি বন্য প্রাণীর অভয়াশ্রম তৈরি হবে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের যে ক্ষতিকর দিক দেখা দিচ্ছে, তা অনেকটা কমে আসবে।উপকূলীয় বন বিভাগ সূত্র আরও জানায়, নতুন চর জেগে উঠলেই জোতদারেরা মালিকানা দাবি করে তা দখলের পাঁয়তারা শুরু করেন। এমনকি তাঁরা ভূমিহীন পরিচয় দিয়ে নামে-বেনামে ভূমি কার্যালয় থেকে জমির বন্দোবস্ত নিয়ে নেন।দৌলতখান রেঞ্জ (দৌলতখান-তজুমদ্দিন) কর্মকর্তা শাহরিয়ার খান জানান, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন বিটের অন্তর্ভুক্ত সাড়ে তিন হাজার কেওড়া বন জোতদারদের দখলে চলে গেছে। এসব দখলদারের বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। চর নাসরিনে কেওড়া বনের পরিমাণ এক হাজার ৪২৯ দশমিক ৭৫ একর। এ চরে প্রায় পাঁচ হাজার একর জমি রয়েছে বনায়নের উপযুক্ত। কিন্তু নাগর পাটওয়ারি গং ওই চরের মালিকানা দাবি করে বন বিভাগের বিরুদ্ধে মামলা করে এলাকাটি দখল করে রেখেছেন। বর্তমানে ওই চরে বন বিভাগের নার্সারি করা বন্ধ আছে।নাগর পাটওয়ারি ভূমিহীনদের কাছ থেকে ১০-২০ হাজার টাকা নিয়ে চর নাসরিনে জমি বরাদ্দ দিয়েছেন। একই জমি চার-পাঁচজনের কাছে বরাদ্দ দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।নাগর পাটওয়ারি প্রথম আলোকে বলেন, ‘তজুমদ্দিন সোনাপুর ইউনিয়নের অংশ কেওড়াডুগি, পূর্ব বিশারামপুর ও রবিপুর মৌজা নদীতে ভেঙে গেলে পুনরায় চর জাগে। সরকার এর নাম দেয় চর নাসরিন। বন বিভাগ আমাদের মালিকানা জমিতে কেওড়া বন করছে। এ জন্য আমরা মামলা করেছি। আর মামলার খরচ চালানোর জন্য জমির মালিকদের কাছ থেকে টাকা নিয়েছি। আমি জমি দেব বলে কোনো টাকা নিইনি।’মনপুরা উপজেলা বন কর্মকর্তা শাসছুল হক বলেন, ‘মনপুরাতে কমপক্ষে সাত-আটটি নতুন চরে আমরা বনায়ন করতে পারছি না স্থানীয় জোতদারের হুমকিতে। তাঁরা সাগর মোহনায় জেগে ওঠা একদম নতুন চরের মালিকানা দাবি করছেন। এ ছাড়া কলাতলীর চর, চর মামুন ও সোনার চরে বন বিভাগের কেওড়া বন দখল করছে ভূমিদস্যুরা।’ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলী প্রথম আলোকে বলেন, ‘বন কর্মকর্তারা খাসজমি বণ্টন কমিটির সদস্য। আমার সময়ে বন বিভাগের স্বাক্ষর ছাড়া কোনো খাসজমি বিতরণ করা হয়নি। আগে কী হয়েছে, তা জানি না।’