জোনায়েদ সাকিকে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি আজ বুধবার তোবা গার্মেন্টসের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ প্রথমে বাধা দেয় এবং পরে লাঠিপেটা করে। ছবি: মনিরুল আলম
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি আজ বুধবার তোবা গার্মেন্টসের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ প্রথমে বাধা দেয় এবং পরে লাঠিপেটা করে। ছবি: মনিরুল আলম

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে মারধর করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া একটার দিকে গণসংহতি আন্দোলনের আট থেকে নয়জন নেতা-কর্মীসহ হোসেন মার্কেটের সামনে যান জোনায়েদ সাকি। তিনি তোবা গার্মেন্টসের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাঁকে ধাক্কাতে ধাক্কাতে হোসেন মার্কেটের সামনের সড়কে নিয়ে লাঠিপেটা করে।

এ সময় সরকারপন্থী জাতীয় শ্রমিক লীগ ও শ্রমিক কর্মচারী জোটের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ছিল। তাঁরাও তাঁকে কিল-ঘুষি মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

এদিকে, তোবা গার্মেন্টসের শ্রমিকেরা তাঁদের অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেখানে অবস্থান করা নারী নেত্রী মোশরেফা মিশু বেলা পৌনে দুইটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, তোবা গার্মেন্টসের ভেতরে ২৫০ জনের মতো শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ায় এবং পুলিশ চিকিত্সকদের বের করে দেওয়ায় অসুস্থ শ্রমিকদের চিকিত্সা দেওয়া যাচ্ছে না। এমনকি সেখানে খাবার পানিরও ব্যবস্থা নেই বলে জানান তিনি।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা পুরো চার মাসের বেতন-বোনাস চান। বাসাভাড়া, দোকানে বকেয়াসহ অনেক টাকা ঋণ হয়ে গেছেন অনেকের। তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া দুই মাসের বেতনে তাঁদের তেমন কিছুই হবে না বলে জানালেন তাঁরা।