বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অভিযোগ করে বলেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের মেগা দুর্নীতি আড়াল করার অপচেষ্টা ও জনগণের দৃষ্টি অন্যত্র সরানোর অপপ্রয়াস মাত্র।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হারুন আল রশিদ ও মহাসচিব মো. আবদুস সালাম এই অভিযোগ করেন।
জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ড্যাব নেতারা। তাঁরা বলেন, মামলা প্রত্যাহার করা না হলে এ দেশের চিকিৎসক সমাজসহ সর্বস্তরের জনগণকে নিয়ে গণ-আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
ড্যাব বলেছে, জিয়া পরিবারকে হেয় করার জন্য রাষ্ট্রযন্ত্র মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়েরপূর্বক নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সততা সম্বন্ধে ওয়াকিবহাল।
বিবৃতিতে ড্যাব নেতারা আরও বলেন, জোবাইদা রহমান একজন পরিচ্ছন্ন, সজ্জন চিকিৎসক। প্রকৃত শিক্ষা ও পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবেই সততা, ন্যায়পরায়ণতা তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এমন নিভৃতচারী একজন চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার বহিঃপ্রকাশ।