জোবায়দা আক্তার মা বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান জন্মদানের পর নবজাতক কন্যাকে হাসপাতালে ফেলে চলে যান মা। শিশুটিকে বাঁচাতে শেষপর্যন্ত আদালতের আশ্রয় নেন বাবা মো. সোহেল। কিন্তু আদালতে দাঁড়িয়েও মা জোবায়দা আক্তার ওই নবজাতকের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেন। আদালত এ ঘটনাকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে বলেন, ‘এ ধরনের মা কখনোই দেখিনি।’গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলমের আদালতে মামলাটির কার্যক্রম চলাকালে জোবায়দা আদালতকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। পরে আদালত নবজাতকটিকে দাদির হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নতুন খাগড়িয়ার নুরুল আমিনের ছেলে মো. সোহেল তাঁর চাচাতো বোন জোবায়দা আক্তার ওরফে নয়নকে বিয়ে করেন। এর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাই পরিবারের অমতে তাঁরা আদালতে বিয়ে করেন। এ ঘটনায় জোবায়দার মা কিসমত আরা ২০১২ সালের ফেব্রুয়ারিতে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। আদালত সূত্রে আরও জানা গেছে, গত ১৫ জুন নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জোবায়দাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যায় তাঁর পরিবার। এরপর গত ২৮ জুন সাতকানিয়ার কেরানীহাটে রাবেয়া হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন জোবায়দা। সন্তানসম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর খবর পেয়ে হাসপাতালে যান সোহেল ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই শিশুটিকে হাসপাতালে ফেলে পালিয়ে যান জোবায়দা ও তাঁর পরিবার। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে যান সোহেল। মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর গত ৪ জুলাই ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় স্ত্রীকে ফেরত চেয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পারিবারিক ও সালিসি আদালতে মামলা করেন সোহেল। ওই মামলায় জোবায়দার বাবা নুরুল হক, মা কিসমত আরা ও ভাই মহিউদ্দিনকে আসামি করা হয়।গতকাল রোববার এই মামলার শুনানির নির্ধারিত দিনে ২৫ দিন বয়সী শিশুটিকে নিয়ে সোহেল আদালতে হাজির হন। জোবায়দাও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আদালতে আসেন। আদালতে জোবায়দা বলেন, ‘দুই পরিবার আমাদের বিয়েতে সম্মত ছিল না। এখন তাদের মধ্যে সমঝোতা হওয়ারও সম্ভাবনা নেই। এখন আমি বাবার বাড়িতেই থাকতে চাই। তাই আমি তালাক চাই। বাচ্চার দায়িত্ব নিতে আমি রাজি নই।’