জোয়ার ও জলোচ্ছ্বাসে ভোলায় আট হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ার ও জলোচ্ছ্বাসে ভোলা জেলার আট হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের পর বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে তারা ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত সরকার তাদের পুনর্বাসন করার ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেয়নি। তবে ক্ষতিগ্রস্ত লোকজন নতুন করে ঘর তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এখন জোয়ারের পানি লোকালয় থেকে নেমে গেলেও ভাঙন অব্যাহত রয়েছে।

 ৩ জুন সদর উপজেলার পূর্ব ইলিশা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, কয়েক শ গাছ উপড়ে পড়ে আছে। বসতঘর, দোকান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। জোয়ারে পানি ওঠা বন্ধ হওয়ার পর অনেকে নতুন করে ঘর তোলার চেষ্টা করছেন। কেউ কেউ ঘরের মালামাল সড়কের পাশে রেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন।

বসতঘর ভেসে যাওয়ায় সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলায়েত হোসেন পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ইয়াছিনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মেঘনার ভাঙনে বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইয়াছিন পরানগঞ্জ কবিরাজের হাক্কা এলাকায় চলে যাচ্ছেন। তাই বেলায়েত এখন দিশেহারা। তাঁর মতো কাচিয়া ইউনিয়নের আবুল মাঝি, জাকির মাঝি, সিদ্দিকুর রহমান, আবদুল মালেক, সামসুদ্দিনসহ কয়েক শ পরিবারের একই অবস্থা।

কাচিয়া ইউনিয়নের নবীর দোকান বাজারের ১১টি দোকান ভেসে গেছে। ফারুক হোসেনের সেলুন, ইউসুফের কাপড়ের দোকান ভিটাসহ ভেসে যাওয়ায় তাঁরা ইউনিয়ন পরিষদ বাজারে সফি ব্যাপারীর দুটি ভিটা ভাড়া নিয়েছেন। সেখানে তাঁরা নতুন করে ঘর তুলছেন। মুদি দোকানদার আল-আমিন নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন পাশের ইউনিয়নে।

ভবানীপুর গ্রামের ফজলুর রহমান ও দুলাল হাওলাদার জানান, তাঁদের বসতভিটা ভেঙে গেছে এবং বসতঘর বিধ্বস্ত হয়েছে। তাঁরা ঘরের মালামাল নিয়ে এসে সড়কের পাশে রেখেছেন। এখন তাঁরা কোথায় যাবেন, তা জানেন না।

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোয়ার ও জলোচ্ছ্বাসে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নের দুই হাজার পরিবার; দৌলতখানের সৈয়দপুর, মদনপুর ও হাজিপুর ইউনিয়নের ৪০০; বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের দুই হাজার; তজুমদ্দিনের চাঁদপুর, সম্ভুপুর, মলংচড়া ও সোনাপুর ইউনিয়নের এক হাজার ৬০০, লালমোহনের ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের এক হাজার ২০০, চরফ্যাশনের চর মাদ্রাজ, নজরুল নগর, ঢালচর ও কুকরিমুকরি ইউনিয়নের ৬৫০ এবং মনপুরা উপজেলার মনপুরা ও সাকুচিয়া ইউনিয়নের ২৫০টিসহ মোট আট হাজার ১০০টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, সারা জেলায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ও অন্যান্য কারণে ইতিমধ্যে ১০২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের ৪২ কিলোমিটার অংশ দিয়ে এলাকায় পানি ঢুকেছে।

পাউবো ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য দরপত্র আহ্বানের পর ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু তহবিলে টাকা না থাকায় ঠিকাদারেরা কাজ করছেন না।

জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জোয়ার ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর তালিকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা করা হবে।