জোয়ারাধার বাস্তবায়নে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ আর মাত্র তিন মাস বাকি থাকলেও সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারাধার (টিআরএম—ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট) এখনো চালু হয়নি। ২০১১-১২ অর্থবছর থেকে চালু হওয়া চার বছরমেয়াদি কপোতাক্ষ নদ খনন প্রকল্পে প্রথম বছরে জোয়ারাধার চালু হওয়ার কথা ছিল। বিলে পানি ওঠা-নামার একমাত্র সংযোগ খালের কপোতাক্ষ নদের সংযোগস্থলও পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে।
সংযোগ খালের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকেরা আদালতে মামলা করায় জোয়ারাধারের কাজ বিলম্বিত হচ্ছে। আবার জোয়ারাধারের জন্য নেওয়া জমির ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্বিত হওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীর মধ্যে। ফলে জোয়ারাধার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ সচল করতে ২৬২ কোটি টাকার চার বছরমেয়াদি প্রকল্প ২০১১ সালের জুলাই মাসে শুরু করা হয়। প্রকল্পের প্রথম বছরে তালা উপজেলার পাখিমারা বিলে ১ হাজার ৫৬৬ একর জমির ওপর জোয়ারাধার বাস্তবায়ন করার কথা। এই জমির চারপাশ দিয়ে ১২ দশমিক ৮৫০ কিলোমিটার পানিনিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হবে। জোয়ারাধার বাস্তবায়নের জন্য জমির মালিকদের ক্ষতিপূরণ, সংযোগ খালের জন্য জমি অধিগ্রহণ ও সেতু নির্মাণ মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬৫ লাখ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কপোতাক্ষ নদ খনন প্রকল্পের পাখিমারা বিলে ১ হাজার ৫৬৬ একর জমির চারপাশের ১২ দশমিক ৮৫০ কিলোমিটার বেড়িবাঁধের ৮০ শতাংশ কাজ শেষে হয়েছে। সাতপাখিয়া, গলাভাঙ্গা, বালিয়াসহ কিছু স্থানে বাঁধ ধসে পড়ছে। অনেক স্থানে প্রাক্কলন অনুযায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। কয়েকটি স্থানে বাঁধ সংস্কারের কাজ চলছে। সংযোগ খালের ওপর চলছে বেইলি সেতু নির্মাণের কাজ।
তালার বালিয়া গ্রামের প্রকল্পভুক্ত এলাকার জমির মালিক জাকির হোসেন সানা ও মুড়াগাছা গ্রামের মোজাম সরদার জানান, বৃহত্তর স্বার্থে জোয়ারাধার দরকার। তবে সরকারের ঘোষিত ক্ষতিপূরণ নিতে সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছে। এ জন্য সহজ শর্তে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানান তাঁরা।
খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জানান, জোয়ারাধার শুরুর আগেই পেরিফেরিয়াল বাঁধ সংস্কার করতে হবে। না হলে এলাকার মানুষ পানির তোড়ে ভেসে যাবে। তিনি অভিযোগ করে বলেন, প্রকল্প এলাকার জমির মালিকেরা ক্ষতিপূরণ নিতে নানাভাবে হয়রানি হচ্ছেন।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, দ্রুত জোয়ারাধার চালু করা না হলে পুরো টাকা পানিতে যাবে। সংযোগ খালের মুখ বন্ধ হয়ে গেলে পানি ওঠা-নামা করানো যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সাড়ে সাত শর বেশি জমিমালিক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে কাগজপত্র দেখে ৫৯৮ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকিদের আবেদন প্রক্রিয়াধীন। তিনি বলেন, সংযোগ খালের ওপর একটি বেইলি সেতু নির্মাণের কাজ হচ্ছে। এর কাজ ও পেরিফেরিয়াল বাঁধের সংস্কারকাজ কাজ শেষ হলেই জোয়ারাধার চালু করা যাবে।
পাউবো যশোরের কেশবপুর উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, সংযোগ খালের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের পক্ষে বালিয়া গ্রামের ইব্রাহিম গাজী, ইমাম আলী গাজী ও মোকাম গাজী একটি এবং কাসেম মোড়ল, আবদুল মাজেদ, আনসার আলীসহ পাঁচজন আরেকটি মামলা করেছেন হাইকোর্টে। আদালত জমির মালিকদের পক্ষে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে পাউবোর পক্ষে লিভ টু আপিল করা হয়েছে। আদালতের আদেশ পক্ষে এলে ও অন্যান্য ছোটখাটো কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আশা করা যাচ্ছে, এপ্রিল মাসের মধ্যে জোয়ারাধার চালু করা যাবে। প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর চেষ্টা চলছে।