জোয়ারে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ-নদীর জোয়ারে খুলনার নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। কিছুদিন ধরে দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের রূপসা, লবণচরা, শিপইয়ার্ড, নতুন বাজার, টুটপাড়া, চানমারী, দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ নানা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়ে থাকে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি সপ্তাহের শুরু থেকে প্রতিদিন দুবার জোয়ারের সময় রূপসা ও ভৈরব নদের পানি ফুলে উঠছে। নদীর তীরের বাঁধ উপচে পানি ঢুকে পড়ছে শহরের ভেতরে। এতে দোকানপাট ও বসতবাড়ি প্লাবিত হচ্ছে।
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া বলেন, কারখানার মধ্যে জোয়ারের পানি ঢুকে কোটি টাকার যন্ত্রপাতি তলিয়ে রয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকাও প্লাবিত হয়।
ডোমরা গ্রামের মনির হোসেন বলেন, ‘জোয়ার আসলি নদীর পানিতে বাড়িঘর সব ভাসে যায়। তখন দুই-তিন ঘণ্টা ঘরের বারান্দায় বসে থাকতি হয়। বাইরে যাওয়া যায় না।’ বারবাড়িয়া বাজারের চা-বিক্রেতা আবদুল মালেক বলেন, ‘সকালে ও বিকেলে জোয়ারের পানির জন্য পাঁচ-ছয় ঘণ্টা দোকান খোলা যায় না। এই বাজারে হাঁটুপানি জমে যায়। কোনো লোক বাজারের আসতি পারে না। গরিব মানুষ, বেচাবিক্রি না হওয়ায় ভীষণ সমস্যায় পড়িছি।’
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, রূপসা ট্রাফিক আইল্যান্ড, কাঁচাবাজার, পাইকারি মৎস্যবাজার, রূপসা হাইস্কুল ও নতুন বাজার হাঁটুপানিতে তলিয়ে আছে। দাদা ম্যাচ কারখানার ভেতরে হাঁটুসমান পানি। মিলের যন্ত্রপাতি সব পানিতে ডুবে আছে। সড়কের পানি কোমর ছুঁয়েছে। একই অবস্থা টুটপাড়া, আলতাফ হোসেন লেন, মাস্টারপাড়ার বিভিন্ন অংশে। তলিয়ে যাওয়ায় নগরের রূপসা ঘাট, জেলখানা ঘাট, কালীবাড়ি ঘাটসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। নগরের কালীবাড়ি ঘাটের অপর পারে রূপসা উপজেলার রাজাপুর, দেয়াড়া, মিল্কি দেয়াড়া গ্রামের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান জোয়ারের সময় পানিতে তলিয়ে আছে। অন্যদিকে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা একালার বাড়িঘরের উঠানে পানি জমে আছে। প্রতিদিন পানি ওঠায় অনেক কাঁচাবাড়ির দেয়াল খসে পড়ছে।
এ ছাড়া বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর জোয়ারে জলমা পুরাতন ঘাট এলাকা, বটিয়াঘাটা বাজার, গঙ্গরামপুর ইউনিয়নের ভরণপাড়া, ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া, শোলমারি নদীর জোয়ারে জলমা ইউনিয়নের বারআড়িয়া, সুরখালি, গাওঘরা ও বদনাখালি গ্রাম তলিয়ে যায়।
পশুর নদীর জোয়ারে দাকোপ উপজেলার বাজুয়া বাজার, চুনকুড়ি নদীর জোয়ারে চালনা বাজার ও আছাবুয়া এবং ভদ্র নদীর জোয়ারে কালীনগর বাজার ও নলীয়ান বাজার তলিয়ে যায়।
অন্যদিকে ভৈরব নদের জোয়ারের পানিতে ফুলতলা উপজেলার ফুলতলা মাছবাজার, কাঁচাবাজার, ধানের বাজার, গরুর হাট, ফুলতলা প্রাথমিক বিদ্যালয়, দামোদর উচ্চবিদ্যালয়, ধুলগ্রাম প্রাথমিক বিদ্যালয়, রানাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে প্লাবিত হচ্ছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ড-২-এর (পাউবো) নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সম্প্রতি অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৩৭টি পোল্ডারের কাজ করা হবে। এ কাজ সম্পন্ন হলে বর্তমান সমস্যা আর থাকবে না।