জোয়ারে নাকাল বরগুনার ৪৩ গ্রামের মানুষ
অমাবস্যার প্রভাবে অধিক উচ্চতার জোয়ারে গতকাল রোববারও বরগুনার বিভিন্ন উপজেলার অন্তত ৪৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে দুই দিন ধরে দিন-রাতে দুবার করে প্লাবিত হওয়ায় এসব গ্রামে অন্তত ৫০ হাজার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাঁধভাঙা এলাকার বাইরেও জেলার বিভিন্ন চর ও বাঁধের বাইরে বসবাসকারী কয়েক হাজার পরিবার এই দুর্যোগের কবলে পড়ে চরম দুর্ভোগে আছে।
এ ছাড়া জোয়ারের পানিতে বরগুনার পুরাকাটা-আমতলী ও বরইতলা-বাইনচটকি দুটি ফেরিঘাটের গ্যাংওয়ে কোমরপানিতে নিমজ্জিত হওয়ায় প্রায় তিন ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ থাকে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম বলেন, অমাবস্যার প্রভাবে দুই দিন ধরে উপকূলের নদ-নদীতে অস্বাভাবিক জোয়ার হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও বাঁধের বাইরের এলাকা প্লাবিত হচ্ছে। তবে নতুন করে কোনো বাঁধের ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাউবোর পানি পরিমাপক বিভাগ সূত্র জানায়, গতকাল রোববার বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর ও অন্য নদ-নদীতে জোয়ারের উচ্চতা ছিল ২ দশমিক ৯৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে।
অধিক উচ্চতার জোয়ার ও সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুতে বিলীন হওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত গ্রামগুলো হলো বরগুনা সদর উপজেলার মাঝের চর, ডেমা, গুলিশাখালী, মানিকখালী, লবণগোলা, নাপিতখালী ও পূর্ব বুড়িরচর; বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি, আলিয়াবাদ, উত্তর কালিকাবাড়ি, ভোড়া, বেতমোড়, উত্তর বেতাগী, কেওড়াবুনিয়া ও ঝোপখালী; আমতলী উপজেলার বৈঠাকাটা, কুলুর চর, পূর্ব চিলা, পশ্চিম চিলা, উত্তর তক্তাবুনিয়া, জেলেপাড়া, কলাগাছিয়া, আঙ্গারপাড়া, শাখারিয়া, আঙ্গুলকাটা ও আমতলী পৌর এলাকার আম্মুয়ার চর; তালতলী উপজেলার খোট্টারচর, তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, জয়ালভাঙা, আশারচর, সখিনা ও আমখোলা এবং পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া, আমতলী, খাসতবক, ভয়াল, গুদিঘাটা, কালীবাড়ি, সিংড়াবুনিয়া, বাইনচটকি, রুহিতা ও চরলাঠিমারা।
তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার দুলাল মিয়া বলেন, রোয়ানুতে বিলীন হওয়া তেঁতুলবাড়িয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির ৬০ থেকে ৭০ ফুট এলাকা দিয়ে দুই দিন ধরে জোয়ারের পানি ঢুকে তেঁতুলবাড়িয়া, নিশানবাড়িয়া, জয়ালভাঙাসহ আশপাশের কয়েকটি গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে।
তালতলী উপজেলার গাবতলী আবাসন প্রকল্পের বাসিন্দা ছত্তার হাওলাদার বলেন, পাউবোর বাঁধের বাইরের এলাকাগুলোতে দুই থেকে তিন ফুট উচ্চতার প্লাবন হয়। এতে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
সদরের ছোট বালিয়াতলী এলাকার বাসিন্দা সেন্টু হাওলাদার গতকাল দুপুরে বলেন, রাতে ও দিনে দুবারের জোয়ারে তাঁদের ঘরবাড়ি বুকসমান পানিতে নিমজ্জিত হয়। রাতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে বাঁধের ওপরে থাকেন। দিনে রান্নাবান্নার কাজ করেন বাঁধের ওপরে।
এদিকে অস্বাভাবিক জোয়ারে বরগুনা-আমতলী ও বরইতলা-বাইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
বরগুনা পাউবো সূত্র জানায়, সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুতে বরগুনার ১৮টি স্থানে ৯৬০ মিটার বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮ কিলোমিটার বাঁধ।