জোয়ারে প্লাবিত হচ্ছে ভোলা
পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানি নামতে না-নামতে অমাবস্যার প্রভাবে জোয়ারে গত বুধবার থেকে ভোলার ৪৮টি ইউনিয়নের অনেক এলাকা দিনে দুবার প্লাবিত হচ্ছে। এতে প্রায় ছয় লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ভাঙনও বেড়েছে।
গত শুক্র ও শনিবার সরেজমিনে দেখা যায়, মানুষ গলাসমান পানি পার হয়ে বাড়িতে ফিরছে। অনেকে মাচার ওপর বসে ঝিমাচ্ছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক বলেন, তাঁর ইউনিয়নে খেতের ফসল ও ঘেরের মাছ হারিয়ে ১০ হাজার কৃষক ও মৎস্যচাষি নিঃস্ব হয়ে গেছেন। ভাঙনকবলিত ব্যক্তিরা রাস্তার আশপাশে ও দুর্গম চরে আশ্রয় নিয়েছে।
শুধু রাজাপুর নয়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, কাচিয়া, বাপ্তা, ধনিয়া, শিবপুর; দৌলতখানের ভবানীপুর, সৈয়দপুর, মদনপুর, হাজীপুর, মেদুয়া, চরপাতা; বোরহানউদ্দিনের বড় মানিকা, পক্ষিয়া, কুতুবা, হাসাননগর; তজুমদ্দিন উপজেলার মলংচড়া, সোনাপুর, চাঁদপুর, সম্ভুপুর; লালমোহনের ধলীগৌরনগর, লর্ডহার্ডিঞ্জ; চরফ্যাশনের চরমাদ্রাজ, ওসমানগঞ্জ, চরকুকরি-মুকরি, ঢালচর, নজরুলনগর, মুজিবনগর এবং মনপুরার মনপুরা, হাজীরহাট, উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের একই অবস্থা।
জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শুকনো খাবার, চাল ও নগদ টাকা দেওয়া হচ্ছে।
ভোলা-১ আসনের সাংসদ আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত অনেককে চাল ও টাকা দিয়েছি। কিন্তু এ সাহায্য তাদের তেমন কোনো কাজে আসছে না। নদীভাঙন ও বন্যানিয়ন্ত্রণে সরকারের এগিয়ে আসতে হবে।’