জোয়ারে ভেসে আসছে মৃত কচ্ছপ

কক্সবাজার সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসছে মা কচ্ছপের মৃতদেহ। এসব কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এক সপ্তাহ ধরে মৃত কচ্ছপ ভেসে আসছে টেকনাফের বাহারছড়া, শিলখালী, মহেশখালীয়াপাড়া, শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন দ্বীপের সৈকতেও।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছর শীত মৌসুমে (ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত) কয়েক হাজার মা কচ্ছপ গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে উপকূলের বালুচরে আসে। কিন্তু উপকূলে পুঁতে রাখা জেলেদের জালে আটকা পড়ে মা কচ্ছপ মারা যাচ্ছে। কিছু কচ্ছপ সাগর সাঁতরে কূলে উঠলেও ডিম ছাড়তে পারছে না। ক্লান্ত কচ্ছপগুলো উপকূলে এসেই কুকুরের আক্রমণের শিকার হচ্ছে।
টেকনাফে মহেশখালীয়াপাড়ার জেলে আবদুস সালাম বলেন, বড় কচ্ছপ জালে আটকা পড়লে জাল ছিঁড়ে ফেলে। তাই জাল রক্ষার জন্য জেলেরা দ্রুত আঘাত করে কচ্ছপ মেরে ফেলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র এবং জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, কচ্ছপ আটকা পড়লে সেই জালে আর মাছ ধরা পড়ে না, উপকূলের জেলের মধ্যে এমন কুসংস্কার চালু রয়েছে। এ ধারণা থেকেও পিটিয়ে কচ্ছপ মারা হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, জালে আটকা পড়লেই জেলেরা পিটিয়ে মা-কচ্ছপ হত্যা করছে। পিটিয়ে না মেরে যাতে কচ্ছপকে সাগরে ছেড়ে দেওয়া হয়, সে ব্যাপারে জেলেদের সচেতন করতে উপকূলে মাইকিংয়ের প্রস্তুতি চলছে। তিনি জানান, সৈকতে পড়ে থাকা কচ্ছপের মৃতদেহ সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, গত সাত দিনে কক্সবাজারের ১২০ কিলোমিটার সৈকতে জালে আটকা পড়ার পর জেলেদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মরা গেছে শতাধিক কচ্ছপ। এ ছাড়া কুকুরের আক্রমণে ৩০টির বেশি কচ্ছপ মারা গেছে।
গতকাল বুধবার দুপুরে সৈকতের নাজিরারটেক, কলাতলী, হিমছড়ি এলাকায় ১৫টি কচ্ছপের মৃতদেহ দেখা গেছে। স্থানীয় লোকজন বলেন, সকাল ছয়টার জোয়ারে অন্তত ৪০টি মৃত কচ্ছপ ভেসে উঠেছিল। এর মধ্যে কয়েকটি কুকুর খেয়ে ফেলে। গন্ধ ছড়িয়ে পড়ায় কিছু কচ্ছপ আশপাশের মানুষ বালুর নিচে পুঁতে ফেলে।
টেকনাফ পরিবেশ অধিদপ্তরের কচ্ছপ সংরক্ষণ কমিটির একজন সদস্য জানান, সৈকতে কচ্ছপ সংরক্ষণের জন্য ১৭টি গ্রাম কমিটি রয়েছে। এই কমিটির সদস্যরা সৈকতের বালুচর থেকে কচ্ছপের ডিম হ্যাচারিতে সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর কাজ করেন। তারপর কচ্ছপের সেই বাচ্চা সমুদ্রে ছেড়ে দেন। কিন্তু রাত-দিন পাহারা নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে ডিম চুরির পাশাপাশি কুকুরের আক্রমণেও মা কচ্ছপের মৃত্যুর ঘটনা বাড়ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গতকাল বুধবার দ্বীপের সৈকতে ৪১টি মৃত কচ্ছপ ভেসে আসে। চেয়ারম্যান জানান, মাছধরা ট্রলারে মা কচ্ছপ আটকা পড়লে জেলেরা হত্যা করছে। জেলেদেরও সচেতন করা জরুরি।
টেকনাফের শাহপরীর দ্বীপ, খুরেরমুখ, হাদুরছড়া, মিঠাপানিরছড়া, রাজারছড়া, কচ্ছপিয়া, জাহাজপুরা সৈকত ঘুরে গতকাল ৩৬টি মৃত কচ্ছপ দেখা গেছে। এর ১০টির মুখে আঘাতের চিহ্ন এবং রক্ত ঝরছে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ বলেন, সম্প্রতি টেকনাফ উপকূল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। কারেন্ট জালে আটকা পড়া কচ্ছপ পিটিয়ে মেরে ফেলছেন জেলেরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ আলম বলেন, বড় জালে আটকা পড়া কচ্ছপ দুই থেকে তিন ঘণ্টা জীবিত থাকতে পারে। এরপর জেলেরা পিটিয়ে হত্যা করে মৃত কচ্ছপ সাগরে নিক্ষেপ করেন। তিনি জানান, কচ্ছপ সমুদ্রের ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।