জোয়ারে হাতিয়ার ১১ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে গতকাল শনিবার নোয়াখালীর হাতিয়ার নলচিরা, চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন-চার ফুট অধিক উচ্চতায় জোয়ার বয়ে যায়। এতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পঞ্চায়েত গ্রাম, গচিন্নাগো গ্রাম, ছয়বাড়িয়া গ্রাম, পাঁচবাড়িয়া গ্রাম, কলাপাড়া গ্রাম ও ফরাজী গ্রাম প্লাবিত হয়।
সূত্র জানায়, জোয়ারে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাদশা মিয়াগো গ্রাম, তালুকদার গ্রাম এবং চর কিং ইউনিয়নের দফাদার গ্রাম, দাসপাড়া গ্রাম ও ফজল মাঝির গ্রাম প্লাবিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের পানির কারণে গতকাল অনেকে দুপুরের রান্নাও করতে পারেননি। বিকেলে ভাটায় পানি নেমে গেলেও কিছু কিছু এলাকায় পানি না নামায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়নের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, গত এক মাস আগেও হাতিয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। তিনি দ্রুত বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ গিয়ে পানি প্রবেশ করায় এলাকাগুলো প্লাবিত হচ্ছে।