জোয়ারের পানিতে তলিয়ে গেছে দুই ইউনিয়ন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপকূলীয় দুই ইউনিয়ন তলিয়ে গেছে। এসব এলাকার পানিবন্দী লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছে। তাঁরা বলছেন, জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।
অস্বাভাবিক জোয়ারে গতকাল রোববার সকালে আনোয়ারার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা, পূর্ব গহিরা, খোর্দ গহিরা, দক্ষিণ সরেঙ্গা ও জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদণ্ডী, পূর্ব জুঁইদণ্ডী ও খুরুস্কুল গ্রাম তলিয়ে গেছে।
গতকাল দুপুরে রায়পুরের দক্ষিণ গহিরার ধলঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, গ্রামের প্রায় সব রাস্তা পানিতে তলিয়ে গেছে। একটি মসজিদে পানি ঢোকায় বিপাকে পড়েন মুসল্লিরা। পানি বাড়ায় মক্তব ও মাদ্রাসায় পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরু মিয়া (৪৩) বলেন, ‘আমরা মানবেতর জীবন কাটালেও কেউ দেখতে আসেনি।’ একই এলাকার জুলেখা বেগম (৫৪) বলেন, ‘জোয়ারের পানি ঘরে ওঠানামা করছে, কিন্তু আমাদের দেখার কেউ নেই। ’
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, একদিকে বাঁধভাঙা, অন্যদিকে অস্বাভাবিক জোয়ারের কারণে লোকালয়ে পানি প্রবেশ করেছে।