পানি বাড়তে থাকায় পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শনিবার বিকেল পাঁচটায় পেকুয়া উপজেলার ফুলতলা স্টেশনে আশ্রয়ের জন্য আসেন আবুল হোসেন। তাঁর বাড়ি এক কিলোমিটার দূরে বহদ্দার পাড়ায়। তিনি জানান, গত ছয় দিন ঘরের মাচায় রাত কাটিয়েছেন। কিন্তু অস্বাভাবিক জোয়ারের পানিতে গতকাল ঘর ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে পরিবারের ছয় সদস্যকে সঙ্গে নিয়ে এলাকা ছেড়েছেন।
উপজেলার ‘বরইতলী-মগনামা’ সড়কের পহরচাঁদা মাদ্রাসা এলাকা থেকে পেকুয়া বাজার পর্যন্ত আট কিলোমিটার অংশ ডুবে আছে।
পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নের পাঁচ শতাধিক মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। মগনামা ও উজানটিয়া ইউনিয়নের অন্তত ২০টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, তাঁর এলাকার ২৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে তিন কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আরও ১২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর দিয়ে সাগরের জোয়ারের পানি লোকালয়ে উপচে প্রায় ছয় হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের ৩ হাজার ২০০টি ঘরবাড়ি তলিয়ে গেছে। ২৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২৫ কিলোমিটার বিলীন হয়ে গেছে। ত্রাণের জন্য ঘরে ঘরে হাহাকার চলছে।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা নিয়ে পেকুয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহা। তিনি জানান, পেকুয়ার ৯০ শতাংশ এখন পানির নিচে। দুর্গত এলাকা থেকে লাখো মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, পূর্ণিমার জোয়ার আর মাতামুহুরী নদী দিয়ে পাহাড় থেকে নেমে আসা ঢলে পেকুয়া প্লাবিত হচ্ছে।
পেকুয়া সদর ইউনিয়নের মোরার পাড়ার আয়েশা খাতুন (৪০) বলেন, ‘আট দিন ধরে কোমরসমান পানিতে বন্দী ছিলাম। ঘরে খাবার নেই, কেউ ত্রাণ নিয়েও আসছে না।’
মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছে ১০টি পরিবার। সেখানে আশ্রয় নেওয়া আবুল কাশেম জানান, ‘আট দিনের মধ্যে কেউ সাহায্য নিয়ে এগিয়ে আসেনি। অর্ধাহারে-অনাহারে জীবন যাচ্ছে।’ খাদেুমল ইসলাম বলেন, সবদিকে পানি আর পানি। টাকা থাকলেও কোথাও খাবার পাওয়া যাচ্ছে না।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান প্রথম আলোকে বলেন, পেকুয়ার ৫০ শতাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে। ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী দেওয়ার মতো নৌকাও নেই। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। তারপরও গতকাল পর্যন্ত দুর্গতদের জন্য ৫১ টন চাল, ১৬০ বস্তা চিড়া, ২৮০ বস্তা মুড়ি, ৮০ মণ গুড় বিতরণ করা হয়েছে। আরও অতিরিক্ত ৫৭০ মেট্রিক টন চাল, পাঁচ হাজার বান্ডিল ঢেউটিন ও নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
মহেশখালী: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার দুর্গত এলাকা মাতারবাড়ী ও ধলঘাটায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ত্রাণ না পেয়ে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে।
জোয়ারের পানির তোড়ে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ফুলজানমোরায় গতকাল ৫০টি কাঁচাঘর ভেঙে গেছে। পানিতে তলিয়ে গেছে অন্তত ২০০ বসতঘর। মাইজপাড়ার পূর্ব পাশে জামাইপাড়ায় দেয়ালধসে ভেঙে গেছে আরও ৩০টি কাঁচাঘর।
মাতারবাড়ী ইউনিয়নের ফুলজানমোরার বাসিন্দা মোহাম্মদ কালা ও নেজাম উদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁরা কোনো ত্রাণ পাননি। একই এলাকার বাসিন্দা মনজুর আলম বলেন, বন্যার কারণে এলাকায় শ্রমিকদের কোনো কাজ নেই।
মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে প্রশাসনের পক্ষে কোনো ত্রাণ বিতরণ করা হয়নি।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য জেলা প্রশাসকের কাছে ৫০ টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১২ টন চাল ও ৫০ হাজার টাকা। এর মধ্যে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের জন্য সাড়ে আট মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু শুক্রবার দুপুর থেকে মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে সেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গতকাল দুপুরে স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম দুর্গত এলাকা মাতারবাড়ী পরিদর্শন করেন।
ফেনী: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি ছয় দিন ধরে অপরিবর্তিত রয়েছে। হাজারো মানুষ এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।
ছাগলনাইয়া উপজেলার নাঙ্গলমোড়া গ্রামে ফেনী নদীর ভাঙনে কয়েকটি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির জানান, উপজেলার ৮৫ শতাংশ এলাকা বন্যাকবলিত হয়ে রয়েছে। এসব এলাকার আমনের বীজতলা, আউশ ধান ও সবজিখেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। উপজেলার বিভিন্ন এলাকায় নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র স্থাপন করে কিছু পানিবন্দী মানুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, দাগনভূঞায় বন্যাদুর্গত এলাকার জন্য ত্রাণসহায়তা হিসেবে আরও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে দাগনভূঞায় মোট ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, অবিরাম বর্ষণে তাঁর ইউনিয়নের ২২ গ্রামের মধ্যে ১২টি সম্পূর্ণ এবং চারটি আংশিক প্লাবিত হয়েছে। তিনি জানান, পানিবন্দী অবস্থায় দিন কাটালেও অনেকে ঘরের জিনিসপত্র ফেলে আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না। ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক জানান, ঘরবাড়িসহ অন্তত ৪০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খাগড়াছড়ি: টানা বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তর খবংপড়িয়া গ্রামের দশবল বৌদ্ধবিহারের রাস্তা হাঁটুপানিতে তলিয়ে গেছে। পানখাইয়া পাড়ার সারিপুত্র বৌদ্ধবিহারের সামনে পানি জমেছে।
শহরের পাশে শালবন ও সবুজবাগ এলাকায় বিভিন্ন স্থানে বৃষ্টির পানির মাধ্যমে পাহাড়ের মাটি ধুয়ে এসে রাস্তার ওপর পড়েছে। রাস্তা থেকে মাটি না সরানোর কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন দেওয়ান বলেন, ‘দশবল বৌদ্ধবিহারের রাস্তাটি ডুবে থাকার কথা আমি জানি। কিন্তু এ ওয়ার্ডে উন্নয়নে কোনো বরাদ্দ রাখেননি পৌর মেয়র। এই ওয়ার্ডটি অবহেলিত।’
তবে পৌর মেয়র রফিকুল আলম দাবি করেন, পরিকল্পনা ছাড়াই যত্রতত্র আবাসিক ভবন নির্মাণ করায় কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার; ফেনী অফিস; চকরিয়া ও মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রতিনিধি)