চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনার সুপারিশ
জোয়ারের পানিতে বিপর্যস্ত নাগরিক জীবন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের সব নালা-নর্দমা সংরক্ষণ করে। তাই সিটি করপোরেশন ড্রেনেজ পরিকল্পনা বাস্তবায়ন করবে
কর্ণফুলী নদী থেকে জোয়ারের পানি যাতে সংলগ্ন এলাকায় প্রবেশ করতে না পারে সে জন্য সংযোগ খালের মুখে জোয়ার নিয়ন্ত্রক নির্মাণ করতে হবে
নদীর তীরে জোয়ার নিয়ন্ত্রক ফ্ল্যাপ গেট ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড
আলোচনায় সুপারিশ
যাঁর বাড়ির পেছনে খাল ও নালা ভরাট ও দখল হবে না এবং পরিষ্কার থাকবে, তাঁর ১০ শতাংশ গৃহ কর মওকুফ করে দেওয়া হবে। প্রস্তাবটি মেয়র ভেবে দেখতে পারেন
জোয়ারজনিত জলাবদ্ধতা সমস্যা নিরসনে খালগুলোর মুখে স্লুইসগেট স্থাপন করতে হবে।
সমস্যা সমাধান করতে হলে নদীর পাড় উন্নত করতে হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পলিথিন ও প্লাস্টিকজাতীয় পদার্থ ব্যবহার বন্ধ করতে হবে
চাক্তাই-খাতুনগঞ্জ হচ্ছে দেশের প্রাণ। প্রতিবছর রাজস্বের ৩৭ শতাংশ দেন এখানকার ব্যবসায়ীরা। কিন্তু খাতুনগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল, তা নেওয়া হয়নি
১৯৯৫ সালের সিডিএ প্রণীত মহাপরিকল্পনা এখনো কার্যকর হয়নি। প্রয়োজনে আরও গবেষণা করে এই মহাপরিকল্পনা কার্যকর কর হলে নগরের জলাবদ্ধতা ৯০ শতাংশ দূর করা সম্ভব হবে
নগরের উন্নয়নে একটি সমন্বয় কমিটি গঠন করতে হবে। এর দায়িত্ব নিতে হবে নগরপিতাকে
আলোচনা
বিশ্বজিৎ চৌধুরী: প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদ প্রকাশের পাশাপাশি দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য প্রথম আলো দীর্ঘদিন ধরে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আসছে। জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের একটি বিরাট অংশের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে।
অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ২০০৭ সাল থেকে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এখন সব পক্ষ মিলে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাই আর দেরি না করে এখনই কর্তৃপক্ষকে এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তা না হলে নগরের এই অংশের মানুষের দুর্ভোগ বাড়তে বাড়তে একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই দ্রুত এর সমাধান দরকার।
সোহরাব হাসান: চট্টগ্রামের প্রায় ১০ লাখ মানুষ দীর্ঘদিন ধরে জোয়ারজনিত জলাবদ্ধতার শিকার হচ্ছে। বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে বন্দী হয়ে থাকতে হচ্ছে তাদের। এ ভোগান্তি থেকে মুক্তি চায় এলাকাবাসী। এর থেকে উত্তরণের উপায় খঁুজে বের করা প্রয়োজন। এ জন্যই আজকের এই গোলটেবিল বৈঠকের আয়োজন।
এখানে উপস্থিত সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার নীতিনির্ধারক, জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা জোয়ারজনিত জলাবদ্ধতার কারণ ও এর প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করবেন। এ আলোচনা থেকে সমস্যা নিরসনের একটি উপায় খঁুজে বের করার চেষ্টা করব আমরা। আশা করছি, কীভাবে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান দেওয়া যায়, সে ব্যাপারে আপনারা মতামত তুলে ধরবেন।
সালমা আক্তার: আমি আগ্রাবাদ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের বাসিন্দা। ওখানেই আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ে প্রায় দুই হাজার ছাত্রী রয়েছে। শুধু আগ্রাবাদ আবাসিক এলাকা নয়, আশপাশের শান্তিবাগ, হালিশহর এলাকায়ও জোয়ারের পানি ওঠে। তাই বাধ্য হয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়। ক্লাস–পরীক্ষার সময়সূচি কখনো এগিয়ে আনতে হয়, আবার কখনো পিছিয়ে দিতে হয়। জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জুনের শেষের দিকে জোয়ারের পানি আসতে শুরু করে। জোয়ারের পানির সঙ্গে বৃষ্টি হলে তখন জলাবদ্ধতা চরম আকার ধারণ করে। এ এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু প্রতিদিন যাতায়াতের বিষয় আমাদের ভাবিয়ে তুলেছে। রিকশা ছাড়া অন্য গাড়ি চলে না। বিশেষ করে শিশু ও নারীদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তাই আমরা এ সমস্যার দ্রুত কোনো সমাধান চাই।
আলী আশরাফ: জোয়ারজনিত জলাবদ্ধতার সমস্যাটি গুরুতর। নগরের ড্রেনেজ মহাপরিকল্পনা করা হয়েছিল ১৯৯৫ সালে। বিষয়টি যখন গেজেট আকারে প্রকাশিত হয়, তখন এটি সবার জন্য প্রযোজ্য। জলাবদ্ধতা সমস্যা নিরসনে সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিডিএ, বন্দর—সবার কাজ করার কথা ছিল। কিন্তু করা হয়নি। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই। সিটি করপোরেশন ও ওয়াসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, সিডিএ গণপূর্ত মন্ত্রণালয়ের এবং পানি উন্নয়ন বোর্ড পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে। ফলে তারা মন্ত্রণালয়কে খুশি রাখতে চেষ্টা করে। আশপাশে কী হচ্ছে, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। কর্ণফুলী নদী খনন না করলে পানি আটকে যাবে। তখন সিটি করপোরেশন নগরের খালগুলো খনন করলেও লাভ হবে না। একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত।
বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করার সময় প্রস্তাব করা হয়েছিল, যাঁর বাড়ির পেছনে খাল ও নালা ভরাট ও দখল হবে না এবং পরিষ্কার থাকবে, তাঁর ১০ শতাংশ গৃহ কর মওকুফ করে দেওয়া হবে। প্রস্তাবটি মেয়র ভেবে দেখতে পারেন খালের জায়গা খালকে অবশ্যই ফেরত দিতে হবে।
ভোটের রাজনীতির কারণে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন না জনপ্রতিনিধিরা। জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে খালগুলোর মুখে স্লুইসগেট স্থাপন করতে হবে। নগরের চাক্তাই, রাজাখালী ও মহেশ খালের মুখে স্লুইসগেট নির্মাণ করার কথা ২০ বছর ধরে বলে আসছি। কিন্তু করা হয়নি।
মাহবুব কবির: বিপর্যস্ত এলাকায় বসবাস করছি। একবার জোয়ার শুরু হলে ৮-১০ দিন থাকে। দিনে ছয় ঘণ্টা ও রাতে ছয় ঘণ্টা জোয়ারের পানি থাকে। এর মধ্যে আমাদের দিন যাপন করতে হয়। বড় সমস্যা হয় যখন একজন অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন তা আর সম্ভব হয় না। কেননা তখন রিকশা ছাড়া আর কোনো গাড়ি চলাচল করতে পারে না। বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারে না। ভোরের ঢাকাগামী ট্রেন ধরতে হলে আগের দিন অন্য এলাকায় স্বজনদের বাসায় থাকতে হয়।
আমরা মানবেতর জীবন যাপন করছি। জোয়ারের পানিতে রাস্তাঘাট বিপর্যস্ত। সুস্থ মানুষও এ রাস্তা ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়েন। নিয়মিত জোয়ারের কারণে সিটি করপোরেশন এসব রাস্তাঘাট সংস্কারের সময়ও পায় না। এসব রাস্তা কংক্রিটে তৈরি করা হোক। আমাদের এ বিপদ থেকে রক্ষা করতে স্লুইসগেট কিংবা রেগুলেটর, যেটা দরকার সেটি স্থাপন করা হোক। সবার প্রতি অনুরোধ, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দ্রুত এ ব্যবস্থা নেওয়া হোক।
আবদুচ সাত্তার: স্লুইসগেট কিংবা রেগুলেটর স্থাপন সবকিছুর সমাধান নয়। স্লুইসগেট স্থাপনে কিছু সমস্যা আছে। নগরের মহেশ খাল, চাক্তাই খাল ও রাজাখালী খালের মুখগুলো সোজা। কিন্তু ভেতরের দিকগুলো আঁকাবাঁকা, আবার একটির সঙ্গে আরেকটি যুক্ত।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কিছু কারণ চিহ্নিত করেছি। এর মধ্যে জোয়ারের পানি জলাবদ্ধতার মূল কারণ। এ ছাড়া গৃহস্থালি ও বৃষ্টির পানি অন্যতম কারণ। তবে রেগুলেটর স্থাপন করে একটি কারণ বন্ধ করতে পারি। আবার তাতেও সমস্যা আছে। কেননা একেকটি খালের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। আবার এর সঙ্গে হয়েছে আরও চার-পাঁচটি খাল। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি যখন রেগুলেটরের পাশে আসবে, তখন আরেকবার জোয়ার শুরু হবে। রেগুলেটর দিয়ে কিছু পরিমাণ পানি বের করে দেওয়া যাবে।
বাকি পানিটুকু বের করার একমাত্র উপায় পাম্পহাউস স্থাপন করা। এটা ঢাকার কল্যাণপুরে আছে, ডিএনডিতে আছে। মহাপরিকল্পনায় চাক্তাই খালে আটটি, মহেশ খালে চারটি সিলট্র্যাপ (পানি, বালু, ময়লা জামার গর্ত) করার কথা স্পষ্ট করে বলা হয়েছিল। কিন্তু এখনো করা হয়নি। খালগুলোতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
আইন প্রয়োগ করেও আমাদের এ অভ্যাস সহজে বন্ধ হবে না। টেকনিক্যালি সমাধান করতে হলে সিলট্র্যাপ করতে হবে। আমার মনে হয়, মহাপরিকল্পনা অনুসরণ করলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।
মনজুরুল করিম চৌধুরী: আপনারা চট্টগ্রামের ভৌগোলিক গঠন দেখলে বুঝতে পারবেন, হালিশহর এলাকা ২০০ বছর আগে পানির নিচে ছিল। পলি জমে জমে ভূমি হয়েছে। হালিশহর, আগ্রাবাদ এলাকায় নগরায়ণ হয়েছে। সুতরাং, এগুলো পানির স্তর থেকে বেশি উঁচু নয়। কারণ পলিথিন ও প্লাস্টিকের জন্য কর্ণফুলী নদীর খনন কঠিন হয়েেছ। খরচ তিন-চার গুণ বেড়ে যাচ্ছে। আবার খনন করার পর পলিথিন ও প্লাস্টিকগুলো কোথায় ডাম্পিং করা হবে, তার জায়গা খঁুজে পাওয়া যায় না।
মহেশ খাল সংকুচিত হয়ে গেছে। অমাবস্যা-পূর্ণিমার সময় পানির উচ্চতা এক মিটার বেড়ে যায়। বৃষ্টির সময় পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সমস্যা সমাধান করতে হলে নদীর পাড় উন্নত করতে হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পলিথিন ও প্লাস্টিকজাতীয় পদার্থ ব্যবহার বন্ধ করতে হবে।
চট্টগ্রাম বন্দর সিসিটি, এনসিটি করেছে। এখন স্লুইসগেট বসিয়ে দিলে জেটিগুলোতে পানি আসবে। আবার বন্দর এলাকায় নগরায়ণ হয়েছে। তবে এ নগরায়ণের ফলে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি দেখতে হবে। কারণ, বন্দর ক্ষতিগ্রস্ত হলে সারা দেশ ভুগবে।
আর কিছু করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে গবেষণা করিয়ে নেওয়া প্রয়োজন। একা না করে সব কটি সংস্থা সমন্বিতভাবে চেষ্টা করলে পরবর্তী সময়ে কারও ওপর নেতিবাচক প্রভাব পড়বে না।
মোহাম্মদ সেকান্দর: জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে আমরা সব সময় ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকার আসে, সরকার যায়। আশ্বাস দিচ্ছে, আশ্বাস পাচ্ছি। কিন্তু সমস্যার সমাধান হয় না। সবার কাছে অনুরোধ, যেভাবে হোক এ সমস্যা থেকে মুক্তি দিন। স্লুইসগেট স্থাপন করে হোক কিংবা পাম্পহাউস বসিয়ে হোক, এর সমাধান করতে হবে।
দেলোয়ার হোসেন মজুমদার: চট্টগ্রামের জলাবদ্ধতা কিংবা জোয়ারের পানিজনিত জলাবদ্ধতা নিরসনে আমাদের ভাবনাগুলো বিচ্ছিন্ন। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের মতো করে ভাবে। আমাদের এ ভাবনাগুলো এক জায়গায় নিয়ে আসতে পারছি না।
প্রাকৃতিকভাবে চট্টগ্রাম একটি ব্যতিক্রমী শহর। এখানে সমতল ভূমি আছে; পাহাড়, নদী ও সাগর আছে। শহরের উত্তর দিকে পাহাড় থাকায় ওদিকের পানি শহরে আসতে পারে না। দক্ষিণ দিকের পানি কর্ণফুলী এবং পূর্ব দিকের পানি কর্ণফুলী ও হালদা নদীতে পতিত হয়।
পশ্চিমের এলাকাগুলোর পানি বঙ্গোপসাগরে পতিত হয়। পানিনিষ্কাশনের এ ধরনের চমৎকার ব্যবস্থা থাকার পরও এখানে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অসুবিধার দিক হলো, পাহাড়ের ক্ষয়ে যাওয়া বালুতে নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যায়। জোয়ারের পানিতে প্লাবিত হয়।
নালা-নর্দমা যেগুলো আছে তা যথেষ্ট চওড়া নয়। সেবা সংস্থার পাইপগুলো অপরিকল্পিতভাবে বসানো হয়েছে। এ ছাড়া অপদখলের কারণে অনেক নালা-নর্দমা ভরাট হয়ে গেছে। পানি প্রবাহিত হওয়ার জায়গা কমে গেছে। আবার জলাবদ্ধতা নিরসনে আমরা সবাই সিটি করপোরেশনের দিকে তাকিয়ে থাকি। এটা সিটি করপোরেশনের একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। এ বিষয়টি সবাইকে বুঝতে হবে।
তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে করপোরেশনকেই নেতৃত্ব দিতে হবে। চট্টগ্রামে থাকা ১২টি সংস্থার মধ্যে সাতটিকে সরাসরি কাজে লাগাতে হবে। বাকি পাঁচটির সাহায্য নিতে হবে। আমাদের খুবই কার্যকর একটি মহাপরিকল্পনা রয়েছে। কিন্তু এটিকে কেউ অনুসরণ করেনি। জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে পাম্পহাউস স্থাপন একটি অবিশ্বস্ত ও ব্যয়বহুল সমাধান।
কড়া তদারকি ছাড়া এর সুফল পাওয়া সম্ভব নয়। স্লুইসগেট স্থাপন করলে বন্দরের কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি বাস্তব। বিষয়টি মহাপরিকল্পনায় বিবেচনায় নেওয়া হয়েছে। এ জন্য স্লুইসগেট স্থাপনের সঙ্গে সঙ্গে রিটেইনশন ওয়াল (প্রতিরক্ষা দেয়াল) স্থাপন করার কথা বলা হয়েছে। সমন্বিতভাবে এ সমস্যার সমাধান করতে হবে। এতে সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে সমন্বয় কমিটি করতে হবে।
রেহেনা বেগম: জোয়ারের পানির কারণে এলাকায় স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। বাসিন্দারা চর্মরোগে ভুগছেন। পাশাপাশি অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। নিয়মিত জলাবদ্ধতার কারণে অনেক ভবন নড়বড়ে হয়ে গেছে। নগরের পুকুর-জলাধার ভরাট করে ফেলা হচ্ছে। খাল দখল চলছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুদূরপ্রসারী পরিকল্পনা করে সুস্থ-সুন্দর জীবনের জন্য পুকুর ও জমি সংরক্ষণ করতে হবে।
আরএস অনুযায়ী খালগুলো কেন পুনরুদ্ধার করা যাবে না? কারা দখল করল, কেন দখল করল, তা কি তলিয়ে দেখতে পারি না? ক্রমাগত দখলের কারণে বড় খালগুলো এখন নালা হয়ে গেছে। মহেশ খালের বর্তমান অবস্থা দেখলে মন হাহাকার করে। খাল ও নালা দখলের মতলবে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ ধরনের দরিদ্র মানসিকতা পরিহার করা উচিত।
ছগীর আহমদ: চাক্তাই ও মির্জা খাল ছিল আমার বাড়ির পাশে। ৩৫ বছর আগে জোয়ার-বৃষ্টির পানিতে এলাকা প্লাবিত হতো না। ওই সময় খালগুলোর গভীরতা ছিল ২৫-৩০ ফুট পর্যন্ত। সরকারি টাকায় চাক্তাই খালের তলা পাকা করা হয়েছে, যা কোনো উপকারে আসেনি। চাক্তাই খাল ও উপখালগুলোর কিছু অংশ অবৈধভাবে দখল করা হয়েছে, কিছু ভরাট করা হয়েছে। আরএস অনুযায়ী খালগুলো উদ্ধার করে যদি আগের অবস্থায় নিয়ে যাওয়া যায়, তাহলে চট্টগ্রামবাসী জলাবদ্ধতার সমস্যা থেকে রক্ষা পাবে।
চাক্তাই-খাতুনগঞ্জে আমরা হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। ১৯৯১ সালে জোয়ার ও বৃষ্টির পানিতে আমাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়। ২০০৭ সালে একই অবস্থা সৃষ্টি হয়েছিল। চাক্তাই-খাতুনগঞ্জ হচ্ছে দেশের প্রাণ। প্রতিবছর রাজস্বের ৩৭ শতাংশ দেন এখানকার ব্যবসায়ীরা। কিন্তু খাতুনগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল, তা নেওয়া হয়নি। এখানকার রাস্তাগুলো এখনো সরু। আসাদগঞ্জ থেকে খাতুনগঞ্জের রাস্তাটি দুই হাত সম্প্রসারণের বিষয়টি গত ৫৫ বছরে সুরাহা করতে পারিনি।
সাইদুর রহমান : ৫০-১০০ বছর আগে চট্টগ্রামে ৫১টি খাল-ছড়া ছিল। বর্তমানে রয়েছে মাত্র ২৯টি। তাহলে বাকি ২২টি ছড়া ও খাল কোথায় গেল? এসব ছড়া-খাল দখলদারির কারণে ভরাট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একসময় চট্টগ্রামের মানচিত্র থেকে বিদ্যমান ২৯টি খালও উঠে যাবে। এখন এসব ছড়া-খাল রক্ষা করাই আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য।
আজকের বৈঠকে আলোচকেরা স্লুইসগেট ও রেগুলেটর স্থাপন করলে কতটুকু উপকার হবে, তা নিয়ে আলোচনা করেছেন। আসলে এসব সমস্যার সমাধানের ব্যাপারে ১৯৯৫ সালের সিডিএ প্রণীত মহাপরিকল্পনা এখনো কার্যকর হয়নি। প্রয়োজনে আরও গবেষণা করে এই মহাপরিকল্পনা কার্যকর করা যায়, তাহলে নগরের জলাবদ্ধতা ৯০ শতাংশ দূর করা সম্ভব হবে।
আবদুচ ছালাম: জলাবদ্ধতা আমাদের জন্য অভিশাপ। চট্টগ্রামবাসী আর কথা শুনতে চান না। এ অভিশাপ থেকে মুক্তি চায়। মেয়র মহোদয় করবেন, নাকি পানি উন্নয়ন বোর্ড করবে, ওয়াসা না সিডিএ করবে তা বড় বিষয় নয়। নগরবাসী পরিত্রাণ চায়।
মেয়র মহোদয় বুকে হাত দিয়ে বলুক, আমি দায়িত্ব নেওয়ার আগে তিনি ১৯৯৫ সালের মহাপরিকল্পনা খুলে দেখেছেন কি না? খুলে দেখার সুযোগ হয়নি। তাহলে বাস্তবায়ন করা হবে কীভাবে?
জলাবদ্ধতা এক দিনের সমস্যা নয়। এটি বহুদিনের সমস্যা। কে কী রকম দায়ী তা বলব না। আমরা সবাই দায়ী। যখন চোখের সামনে নালা-খাল দখল ও ভরাট হয়ে যাচ্ছে, তখন চুপ করে ছিলাম। দোকানের ময়লা নালা-খালে নিক্ষেপ করা হয়েছে, খাল দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। আমরা সবাই যদি আন্তরিক না হই এবং সমন্বিত প্রচেষ্টা না চালাই তাহলে ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই হতে পারে এই ভয়াবহ দুর্যোগ থেকে উত্তরণের উপায়।
মহাপরিকল্পনা প্রণয়নের ১৯ বছর পর এসে বাস্তবায়ন করার কথা বলা হয়, তাহলে বিষয়টি কতটুকু শোভনীয় শোনায়? এ মহাপরিকল্পনার একটি প্রকল্পও আমরা বাস্তবায়ন করিনি। সমস্যা আছে, এটা সবাই জানি। সমাধান আছে, এটাও সবাই জানি। কিন্তু কেউ কোনো কাজ করছি না। তা হলে সমস্যার সমাধান কীভাবে হবে?
‘মহাপরিকল্পনা, মহাপরিকল্পনা’ বলে চিৎকার করে লাভ নেই। আগামী বছর এর মেয়াদ শেষ হচ্ছে। মহাপরিকল্পনার আলোকে প্রকল্প পাঠিয়ে পাস হতে হতে এর মেয়াদ শেষ হয়ে যাবে। ১৯ বছর আগে প্রণয়ন করা মহাপরিকল্পনা বাস্তবতার নিরিখে এখন বিশাল তারতম্য সৃষ্টি হয়েছে। তাই বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহাপরিকল্পনা রিভিউ করার উদ্যোগ নিয়েছে সিডিএ। এখন আমাদের বসে থাকলে হবে না। অনেকে চট্টগ্রামের উন্নয়নে কোনো সমন্বয় নেই বলে মন্তব্য করেন। নগরের উন্নয়নে একটি সমন্বয় কমিটি গঠন করতে হবে। এর দায়িত্ব নিতে হবে নগরপিতাকে। কেননা তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি সবাইকে ডাকবেন, সবার সঙ্গে পরামর্শ করবেন। কী করা দরকার, কী করলে এ সমস্যার সমাধান হয়, সে ব্যাপারে একটা দিকনির্দেশনা ঠিক করবেন। সেই মোতাবেক কাজের উদ্যোগ নিতে হবে। সমন্বয়ের জন্য তাঁকে দায়িত্ব নিতে হবে।
এম মন্জুর আলম: সাগর, পাহাড়, নদী ও সমতলের মাঝখানে এই শহরের অবস্থান। ঢাকার তুলনায় চট্টগ্রামের অবস্থান ভিন্ন। চট্টগ্রামে অনেক জায়গায় ঢাল রয়েছে। পানি দ্রুতগতিতে অপসারিত হয়। তাই ঢাকার মতো চট্টগ্রামের সব জায়গায় পাম্প করতে হবে না।
চট্টগ্রামে বর্তমানে ৩৭টি খাল রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১৪৪ কিলোমিটার। ৫১৭টি নালা-নর্দমার দৈর্ঘ্য ৪৯৮ কিলোমিটার। এ শহরে ৫০-৬০ লাখ লোক বাস করে।
কর্ণফুলী খননে সমস্যা রয়েছে। পলিথিনের কারণে খনন করতে সমস্যা হচ্ছে, তা মানি। কর্ণফুলী নদীর গভীরে চার মিটার খনন করার কথা ছিল। কিন্তু এর আগেই নিয়োজিত ঠিকাদার আমাদের ছেড়ে চলে গেছেন। আগ্রাবাদের সমস্যা বৃষ্টির নয়, কর্ণফুলী নদীর সঙ্গে সমস্যা। এটি এখন নিয়মিত হচ্ছে।
বর্তমানে বিদ্যমান যে সুযোগ-সুবিধা রয়েছে, তাতে ধারণক্ষমতা ১০০ মিলিমিটার বৃষ্টির পানি। কিন্তু গত জুনে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে এবার জলাবদ্ধতা ছিল মাত্র দুই থেকে চার ঘণ্টা। আমরা কাজ করে যাচ্ছি, যার কারণে পানি দ্রুত নেমে যাচ্ছে।
দায়িত্ব নেওয়ার সময় কথা দিয়েছিলাম জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেব। কর্ণফুলী নদীর জোয়ারের সঙ্গে মাটি আসে, তা জমাট হয়ে যায়। ওখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় তা পরিষ্কার করা অসাধ্য। কিন্তু আমরা নিজস্ব প্রযুক্তি ও পদ্ধতিতে চাক্তাই খাল খনন করেছি। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশনকে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি টাকা। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ৯০০ কোটি টাকা চট্টগ্রামের জন্য বেশি ছিল? এখন তো সেটা বাস্তবায়ন করতে হলে দ্বিগুণ অর্থ লাগবে। ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী নগরের বহদ্দারহাটের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননের জন্য প্রকল্প নিয়েছি। সম্প্রতি সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে। তবে এখনো তহবিল পাওয়া যায়নি। তহবিল পাওয়া গেলে খাল খননের কাজ শুরু হবে।
নগরের পশ্চিম অংশে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত খালগুলোর মুখে আরও কয়েকটি স্লুইসগেট নির্মাণ করা দরকার। এ অংশে নগরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। খালগুলোর প্রশস্ততা ৪০-৫০ ফুট হলেও বিদ্যমান স্লুইসগেটগুলোর প্রশস্ততা মাত্র পাঁচ-ছয় ফুট। মাঝেমধ্যে জোয়ারের সময় গেটগুলো বন্ধ রাখা হয়। জোয়ারের পানিতে আগ্রাবাদ এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আমাদের কাছে অনেক কিছু আশা করে। জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সরকার চট্টগ্রামের উন্নয়নে সিটি করপোরেশনের পরিবর্তে সিডিএকে বরাদ্দ দিচ্ছে। সমস্যা নেই, আমরা চাই আরও দিক। আমাদের মাধ্যমে না হোক, সিডিএর মাধ্যমে হলেও ড্রেনেজ মহাপরিকল্পনার অন্য প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।
সোহরাব হাসান: চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ ও প্রতিকার সম্পর্কে আমরা জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ও ভুক্তভোগীদের কাছ থেকে শুনলাম। অভিজ্ঞতার আলোকে তাঁরা যেসব পরামর্শ দিয়েছেন, সেগুলো বাস্তবায়নেই এখন মনোযোগ দিতে হবে। এ ব্যাপারে সিদ্ধান্তহীনতা বা আমলাতান্ত্রিক জটিলতা কোনোভাবেই কাম্য নয়।
জলাবদ্ধতা নিরসনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডসহ যেসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট তাদের একযোগে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা, সমস্যাটি যাদের সমাধানের ক্ষেত্রে তাদের বক্তব্য আমলে নিতে হবে। সবার মতামতের ভিত্তিতে একটি পরিকল্পনা নিলে সেটা টেকসই হবে।
এ কথা সবারই জানা যে, চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ আগ্রাবাদ, উত্তর আগ্রাবাদ, দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, পাথরঘাটা, গোসাইলডাঙ্গা ও বক্সিরহাট ওয়ার্ডের প্রায় ১০ লাখ মানুষ জলাবদ্ধতায় আক্রান্ত।
কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত মহেশ খাল, চাক্তাই খাল ও রাজাখালী খালের মুখে ১৯৯৫ সালের স্লুইসগেট স্থাপনের প্রস্তাব চট্টগ্রাম সিটি করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড—এই তিন পক্ষের কে করবে এই জটিলতায় আজও আটকে আছে।
আমরা আশা করব আগামী বর্ষা মৌসুমের আগেই এ বিষয়ে একটি বাস্তবসম্মত ও ব্যাপকভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হবে।
যাঁরা অংশ নিলেন
এম মন্জুর আলম : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন
আবদুচ ছালাম : চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
সাইদুর রহমান : প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড
আবদুচ সাত্তার : নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড
মনজুরুল করিম চৌধুরী : প্রধান হাইড্রোগ্রাফার, চট্টগ্রাম বন্দর
সালমা আক্তার : শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়
রেহেনা বেগম : ওয়ার্ল্ড কাউন্সিলর
মোহাম্মদ সেকান্দর : কাউন্সিলর, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ল্ড
দেলোয়ার হোসেন মজুমদার : প্রকৌশলী সভাপতি, সচেতন নাগরিক সমাজ
ছগীর আহমদ : সাধারণ সম্পাদক, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি
আলী আশরাফ : নগর পরিকল্পনাবিদ
মাহবুব কবির : ভুক্তভোগী নাগরিক
সঞ্চালক
সোহরাব হাসান : যুগ্ম সম্পাদক, প্রথম আলো