জোর করে অর্ধশত গাছ কর্তন
মিরসরাইয়ে সন্ত্রাসীরা জোর করে এক প্রবাসীর অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কাটাছড়া ইউনিয়নের তেমুহানি গ্রামের প্রবাসী আফসার উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগম মিরসরাই থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।হোসনে আরা বেগম অভিযোগ করেন, তাঁদের মালিকানাধীন জায়গার বড় বড় অর্ধশত বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করতে চাইলে স্থানীয় জাহাঙ্গীর ও তরুল গাছগুলো ক্রয় করতে চান। কিন্তু তাঁরা দাম কম বলায় গাছগুলো তাঁদের কাছে বিক্রি করতে রাজি হননি তিনি। অসুস্থতার কারণে তিনি (হোসনে আরা বেগম) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে গত সোমবার থেকে রাতের আঁধারে তরুল ও জাহাঙ্গীর জোর করে গাছগুলো কেটে নিয়ে যান। গত বুধবার তাঁদের গাছ কাটায় বাধা দিলে তাঁরা বিভিন্ন হুমকি দিতে থাকেন। গাছগুলোর আনুমানিক দাম প্রায় আড়াই লাখ টাকা বলে হোসনে আরা বেগম দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা উল্টো তাঁর নামে থানায় একটি মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করছেন।কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আনোয়ার জানান, প্রবাসীর স্ত্রী হোসনে আরা বেগম গাছ কাটার বিষয়টি তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) দয়াল হরি জানান, হোসনে আরা বেগমের একটি অভিযোগ পেয়েছেন।