সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, ১৯৮২ সালে তিনি জোর করে ক্ষমতায় আসেননি। দেশের ‘দুর্নীতি ও অরাজক পরিস্থিতিতে’ তাঁর হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল।গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ২২ বছর পর গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) এক সমাবেশে এরশাদ এ দাবি করেন। তিনি বলেন, ‘সেনাপ্রধান হিসেবে দেশ রক্ষার জন্য দায়িত্ব নিয়েছিলাম। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’জাপার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিজয়নগরে এ সমাবেশ করা হয়। বিকেলে বনানী খেলার মাঠে পৃথক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।বিজয়নগরের সমাবেশে এরশাদ বলেন, ‘আমি তো ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু ১৯৮৪ সালে নির্বাচনের ঘোষণা দিলেও কোনো দল নির্বাচনে আসতে রাজি হয়নি। রাজনীতিবিদেরাই আমাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন।’সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘২২ বছরে দুই দলের ব্যর্থ শাসন দেখে এখন বুদ্ধিজীবী-সুশীল সমাজ টক শোতে বলতে বাধ্য হচ্ছেন, এরশাদের শাসনামল অনেক ভালো ছিল। খবরের কাগজে দেখেছেন, দুই নেত্রীকে কেউ চায় না। দুই নেত্রীর চেয়ে আমার শাসনামল ভালো ছিল। এখন আমার পাশে দাঁড়ান, সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনব।’সমাবেশে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ দেশ পরিচালনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শীর্ষ নেতা এরশাদ। তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা-ব্যর্থতা আমাদের ব্যথিত করেছে। এই সরকারের যদি কোনো সাফল্য থাকে, তার ভাগ আমরা চাই না। আর ব্যর্থতার দায়ভারও গ্রহণ করব না।’ তিনি বলেন, ‘এ সরকার ক্ষমতায় এসে ছয় হাজার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে। শীর্ষ সন্ত্রাসী বিকাশও ছাড়া পেয়েছে। কিন্তু আমি মিথ্যা মামলা মোকাবিলা করে যাচ্ছি।’সমাবেশে জাপার কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন কাজী জাফর আহমদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ প্রমুখ। এ সময় আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন আহমেদসহ (বাবলু) দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এরশাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।