জোর করে টিআরের চাল কিনে নিচ্ছেন নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার দুটি চক্র টিআর প্রকল্পের চাল অনেকটা জোরপূর্বক কম দামে কিনে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোটা চালের দাম বাজারে প্রতি কেজি ৩০-৩২ টাকা হলেও ওই দুটি চক্র প্রকল্প চেয়ারম্যানদের ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোরপূর্বক ১৭ টাকা দরে চাল কিনে নিচ্ছে।সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, টিআর প্রকল্পের জন্য উপজেলায় চলতি বছর সাড়ে ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের সর্বশেষ সার্কুলার অনুযায়ী প্রকল্প চেয়ারম্যানেরা টিআর প্রকল্পের চাল সরকারি গুদাম থেকে তুলে বাজারে সর্বোচ্চ মূল্যে বিক্রি করে প্রকল্প বাস্তবায়ন করবে। কিন্তু ওই দুটি চক্র পিআইওর কার্যালয়ে এসে প্রকল্প চেয়ারম্যানদের ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোরপূর্বক তাঁদের কাছ থেকে চালের সরবরাহপত্র (ডিও) কিনে নেয়। পরে তারা সরকারি গুদাম থেকে চাল তুলে চড়া দামে বিক্রি করে। উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ এ দুটি চক্রের নেতৃত্বে আছেন বলে অভিযোগ রয়েছে।সরেজমিনে গত রবি ও সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ঘুরে দেখা গেছে, ওই দুটি চক্রের লোকজন প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোর করে ডিও কিনে নিচ্ছেন।উপজেলার শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আজাহার হোসেন বলেন, ‘এ চক্র ভাঙার জন্য আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন সভা সমাবেশে একাধিকবার বলেছি। কিন্তু প্রতিকার নেই।’উপজেলার গুঞ্জন পাঠাগারের প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক দেবপ্রসাদ সরকার বলেন, ‘পাঠাগারের উন্নয়নে আমরা তিন টন চাল পেয়েছি। প্রথম কিস্তিতে গত রোববার দেড় টন চালের ডিও পেয়েছি। এ চাল প্রতি টন ২৬ হাজার টাকায় বিক্রি করেছি। অথচ ওই দুটি চক্রের লোকজন তাঁদের কাছে টনপ্রতি ১৭ হাজার টাকায় এ চাল বিক্রির জন্য আমাকে চাপ দিয়েছেন। একপর্যায়ে দ্বিতীয় কিস্তির দেড় টন চাল ওই চক্রের কাছেই বিক্রি করা হবে—এমন আশ্বাস দিয়ে প্রথম কিস্তির চালগুলো তুলতে সক্ষম হই।’পিআইও মনিরুল হক বলেন, ‘টিআরের চাল কোথায় কেনা-বেচা হচ্ছে, তা দেখার দায়িত্ব আমার নয়।’ তাঁর কার্যালয়ে এসে ওই দুটি চক্রের সদস্যদের জোরপূর্বক ডিও কিনে নেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি সব বুঝেও কেন আমাকে বিব্রত করছেন?’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে অচিরেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন ও বিএনপির নেতা আবু সাঈদ জোরপূর্বক চাল কেনার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টিআরের চালের মান খুব ভালো নয়। এর পরও টনপ্রতি ১৭ হাজার এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দামে চাল কিনছি। কিন্তু আমাদের প্রতি টনে বিভিন্ন খাতে আরও দুই হাজার টাকার মতো খরচ করতে হয়।’