জোর করে নারী-শিশুদের শ্রমে নিয়োগ না দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী-শিশুসহ অন্যদের জোর করে শ্রমে নিয়োজিত না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের জবরদস্তিমূলক শ্রম বন্ধে কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। শ্রমসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, প্রধান শ্রমপরিদর্শক, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জবরদস্তিমূলক শ্রম বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান গতকাল রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত আদেশ দেন। আদালতে সংগঠনটির পক্ষে আইনজীবী এলিনা খান ও রেজিনা মাহমুদ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রিট আবেদনে গত ২৭ জানুয়ারি সাভারের এক ইটভাটা থেকে শিকলবাঁধা ২৭ শ্রমিককে উদ্ধারের ঘটনাসহ একাধিক প্রতিবেদন তুলে ধরা হয়।