কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিবঞ্চিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী গত বুধবার রাতে জোর করে উপাচার্যের বাসভবনে ঢুকে পড়েন। পরে নেতা-কর্মীরা গভীর রাত পর্যন্ত উপাচার্যকে তাঁদের সঙ্গে বৈঠক করতে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন চাকরিবঞ্চিত ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী। তাঁরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উপাচার্যের বাসভবনে ঢুকতে চান। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দিলে তাঁরা ফটকের বাইরে অবস্থান নেন। পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী সেখানে এসে নিরাপত্তাকর্মীদের ফটক খুলে দেওয়ার জন্য বললে তাঁরা অনুমতি নিয়ে আসার জন্য ভেতরে যান। তাঁদের আসতে একটু দেরি হলে আবুজর গিফারী সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. পিকুল ও চান্দু মিয়াকে মারধর করে ভেতরে ঢোকেন।
পিকুল ও চান্দু অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ফটকের সামনে এসে ভেতরে ঢুকতে চাইলে আমরা ঢোকার অনুমতি চাইতে যাই। অনুমতি নিয়ে আসতে একটু দেরি হওয়ায় আবুজর গিফারী আমাদের মারধর করেন।’
আবুজর গিফারী বলেন, ‘তাদের ঢোকার ব্যাপারে অনুমতি আনতে বলি। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামীম খান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সাজন ও সজিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। শামীম খান অন্য তিন যুগ্ম আহ্বায়ককে নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় চাকরিবঞ্চিত নেতা-কর্মীরা বাসভবনের বাইরে ছিলেন। দুই ঘণ্টা বৈঠক শেষে রাত পৌনে একটার দিকে নেতারা উপাচার্যের বাসভবন ত্যাগ করেন। এ সময় উপাচার্যের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন ছিল।
বৈঠক শেষে আহমেদ সাজন বলেন, ‘আমাদের সাবেক নেতা-কর্মীদের বিরুদ্ধে কিছু মামলা ছিল। সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘তারা আমার কাছে তাদের কিছু সমস্যা নিয়ে কথা বলতে এসেছিল। শুধু সে বিষয়েই কথা হয়েছে।’ চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তারা চাকরি চাইতেই পারে। আমি তাদের বলেছি, বিষয়টি বিবেচনা করা হবে।’
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে ৯২টি পদের বিপরীতে ১১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের চাকরিবঞ্চিত নেতা-কর্মীরা একের পর এক ভাঙচুর, বোমা হামলা ও চোরাগোপ্তা হামলা চালান। এসব ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রায় কয়েক মাস বন্ধ ছিল। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।