জোর করে মামলা প্রত্যাহারে বাদীর সই নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানার কারাবন্দী পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারে তাঁর স্বজনেরা ভয়ভীতি দেখিয়ে বাদীর স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী রিকশাচালক উজ্জ্বল গত বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গত বুধবার সকালে ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে রিকশাচালক উজ্জ্বল, মাসুদ ও আক্কাস আলীকে একটি মাইক্রোবাসে তুলে ১২ ঘণ্টা আটকে রাখেন পুলিশের ওই পাঁচ সদস্য। আটককৃতদের পিটিয়ে তাঁদের স্বজনদের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করে পুলিশের ওই পাঁচ সদস্য। এ ঘটনায় রিকশাচালক উজ্জ্বল বাদী হয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, এএসআই জাহিদুর রহমান ও তিন কনস্টেবল একরাম হোসেন, মো. আবদুল্লাহ ও জহিরুল ইসলামকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।মামলার বাদী রিকশাচালক উজ্জ্বল গত শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার পুলিশের স্বজনেরা গত বৃহস্পতিবার তাঁকে হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলেন। এরপর তাঁকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে পুরান ঢাকার আদালতে নিয়ে যান। সেখানে তাঁকে ভয়ভীতি দেখিয়ে একটি কাগজের নিচে সই নেন এবং এর একটি ফটোকপি তাঁকে দেন। তিনি বাসায় ফিরে দেখেন কাগজটিতে মামলা প্রত্যাহারের কথা লিখে এর নিচে তাঁর সই নেওয়া হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জিডি দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।