জোর করে লোনা পানি তুলে চিংড়ি চাষ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, কক্সবাজারসহ উপকূলীয় জেলার কৃষি ও বনভূমিতে জোর করে লোনা পানি তুলে চিংড়ি চাষ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে চিংড়ি চাষে কারও ইচ্ছার বিরুদ্ধে জোর করে লোনা পানি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।জানা যায়, উপকূলীয় জেলাগুলোতে লোনা পানি ঢুকিয়ে কৃষি ও বনভূমিতে চিংড়ি চাষের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’ হাইকোর্টে রিট আবেদন করে।আবেদনে বলা হয়, ওই পাঁচ জেলার কৃষিভূমিতে (দেশের মোট ভূমির শতকরা ১৭ ভাগ) জোর করে লোনা পানি প্রবেশ করানোয় কৃষিভূমি ও গাছপালা কমে যাচ্ছে। প্রাথমিক শুনানির পর ওই দিন আদালত রুল জারি করেন। রুলে উপকূলীয় জেলার কৃষি ও বনভূমিতে জোর করে লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ কেন অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পরে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি উপকূলীয় জেলাগুলোতে জোর করে লোনা পানি প্রবেশ করিয়ে বাণিজ্যিক চিংড়ি চাষ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির শুনানি করেন। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন সমাদ্দার মামলা পরিচালনা করেন। মৎস্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, উপকূলীয় জেলাগুলোয় কৃষি ও বনভূমিতে জোর করে লোনা পানি তুলে চিংড়ির চাষ অবৈধ ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি আদালত উপকূলীয় জেলাগুলোর কৃষি ও বনভূমিতে জোর করে লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।