জোর করে শিক্ষার্থীদের নিয়ে সেই ওসি খাঁর মানববন্ধন!
সংখ্যালঘু নির্যাতনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাঁর বিরুদ্ধে খবর প্রকাশের প্রতিবাদে এবং একটি দস্যুতা মামলায় জেলে থাকা নিজ দেহরক্ষী অমিত মজুমদারসহ তিন ক্যাডারের মুক্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান ওরফে ওসি খাঁ। ওসি খাঁ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে বড়দিয়া ফজিলাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী জানায়, ওসি খাঁর লোকজন স্কুলে গিয়ে মানববন্ধনে অংশ না নিলে উপবৃত্তির টাকা দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ কারণে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ওসি খাঁ বড়দিয়া মানিক মিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তাঁর চাচাতো ভাই খান ইউনুস আলী বড়দিয়া শেখ ফজিলাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বড় ভাই খান আবদুল মতিন পেন্টু বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান নিজে বড়দিয়া বাজার বণিক সমিতির উপদেষ্টা। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন।তবে উপজেলা চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি। এই মানববন্ধনে জন-উপস্থিতিই তাঁঁর প্রমাণ। শিক্ষার্থীদের জোর করে ধরে আনা হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন।’১০ সেপ্টেম্বর সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ ওসি খাঁ এবং তাঁর লোকজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ নিয়ে প্রথম আলোতে ‘ওসি খাঁ বিরোধিতা পছন্দ করেন না’ শিরোনামে খবর প্রকাশিত হয়।