জোর করে সিল মারার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল রোববার কয়েকটি ভোটকেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারা এবং ভোটারদের মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের একজন নেতা ও এক কর্মীকে আটক করেছে পুলিশ। আরেক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে হামলা চালান। এ সময় ভোটারদের বেধড়ক পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং জোর করে ব্যালটে সিল মেরে বাক্সে ভরা হয়। একপর্যায়ে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় জয়নব বেগম, সন্টু, তুহিন, সামসুল মৃধা, নয়ন ইসলাম, লালন হোসেন, রাসেল আহমেদ, পিন্টু মৃধা, জিয়াউল হক, নীলা খাতুন, আশরাফ হোসেন, জহির প্রাং, ইকরাম আলী, আরিফ আলী খান, হাসেম আলীসহ কমপক্ষে ২৫ জন আহত হন।
খবর পেয়ে ওই কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যান।
তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো হামলা বা ভোটারকে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেনি। বেলা সাড়ে তিনটার দিকে শহরের মহিলা কলেজ, সরকারি কলেজ, ইসলামিয়া আলিম মাদ্রাসা, ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারিচা মশুড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করে বলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রত্যক্ষদর্শীরা জানান। তবে খবর পেয়ে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলে এলে ‘সিল মারা দল’ পালিয়ে যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, উপজেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকায় বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আনসার ও পুলিশ সদস্যরা এগিয়ে এলে ব্যালট বাক্স ফেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকাল সরদার ও কর্মী সেকেন মৃধাকে আটক করা হয়।