জোর-জুলুম করে নির্বাচন করতে গেলে প্রতিরোধ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নিরপেক্ষ নয়, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার এই দাবি না মেনে জোর-জুলুম করে নির্বাচন করতে গেলে তা প্রতিরোধ করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, এটি এখন আর শুধু বিএনপির নয়, দেশের ৯০ ভাগ মানুষের দাবি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

খালেদা জিয়া বলেন, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন দলীয়করণের জন্য সরকারই দায়ী। এই পরিস্থিতিতে নির্দলীয় ছাড়া এই সরকারের অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? আওয়ামী লীগের কর্মী-গুন্ডা বাহিনীর হাতে অস্ত্র। জনমত যতই বিএনপির পক্ষে থাকুক, ওই গুন্ডা বাহিনী নির্বাচনের সময়ে ভোটকেন্দ্র দখল করে নেবে। কোনো ভোটার ভোটকেন্দ্রে যেতে পারবে না।

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, হেফাজতে ইসলামের ৫ মের শাপলা চত্বরের কর্মসূচিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের ক্যাডাররা রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। ওই রাতের ঘটনায় অনেককে হত্যা করা হয়েছে। অনেককে গুম করা হয়েছে। কোরআন শরিফ পুড়িয়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগের গুন্ডারা এসব করে এখন আলেম-ওলামাদের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, গত বছরে টেকনাফ, উখিয়া ও রামুতে হাজার বছরের বৌদ্ধবিহার ও মঠে হামলার পেছনেও ক্ষমতাসীন দল জড়িত। ওই ঘটনার নেপথ্যের ব্যক্তিকে প্রধানমন্ত্রী বিদেশে তাঁর সফরসঙ্গী করেছেন। সরকার একটি তদন্ত কমিটি করেছিল। কিন্তু প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। তারা ধর্ম ও জাতিতে বিভক্তি নিয়ে এসেছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এই মতবিনিময় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বৌদ্ধদের পক্ষ থেকে একটি ক্রেস্ট বিরোধীদলীয় নেতার হাতে তুলে দেওয়া হয়।

খালেদা জিয়া বলেন, সরকার সাদা পোশাকে একটি বাহিনী সৃষ্টি করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-গুম-হত্যা চালাচ্ছে। বিদেশিরাও মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও দেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র উঠে এসেছে। এরপর আর সরকারের মুখ কোথায়?

দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, গৌতম চক্রবর্তী, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সুকোমল বড়ুয়া, রবীন্দ্র লাল চাকমা, উদয় কুসুম বড়ুয়া, সুশীল কুমার বড়ুয়া, প্রবীণ চন্দ্র চাকমা প্রমুখ বক্তব্য দেন।