জোরপূর্বক অন্যের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলের পাশের অন্যের জমি জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, স্থানীয় প্রভাবশালী মহিউদ্দিন খানের নিয়োগ করা শ্রমিকেরা পাকা ভবনের নির্মাণকাজ করছেন। অপরদিকে বদু দাস ও তাঁর স্ত্রী শিশু রানী দাস বুক চাপড়ে কান্নাকাটি করছেন আর কাজ বন্ধ রাখার আকুতি জানাচ্ছেন। এ সময় বদু দাস বলেন, প্রায় চার বছর আগে তিনি কালাইয়া মৌজার ১২৪ নম্বর জেএল, খতিয়ান নম্বর ৬০০ এবং ৬৪৫ নম্বর দাগের ৬ শতাংশ জমি মহিউদ্দিন খানের কাছে বিক্রি করে তাঁকে বুঝিয়ে দেন। ওই জমিতে তিনি বসবাস করছেন। একই দাগ-খতিয়ানের বাকি আড়াই শতাংশ তাঁর (বদু দাস) দখলে আছে। হঠাৎ করে শনিবার (গতকাল) মহিউদ্দিন খান শ্রমিক নিয়োগ করে জোরপূর্বক তাঁর আড়াই শতাংশ জমিতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় বাউফল থানায় গতকাল তাঁর ছেলে মিঠুন দাস লিখিত অভিযোগ দিয়েছেন। মহিউদ্দিন খান দাবি করেন, তাঁর জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন এবং ওই জমি বিক্রি করার কথা বলে তাঁর কাছ থেকে বদু দাস টাকা নিয়েছেন।বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।